জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবিরকে পদত্যাগে ‘বাধ্য করতে’ উপাচার্য প্রত্যাখ্যান মঞ্চ তৈরিসহ নতুন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে শনিবার দুপুর সোয়া ৩টায় এক সংবাদ সম্মেলনে শিক্ষক সমাজের আহবায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচিগুলো হলো- রোববার (১ এপ্রিল) প্রশাসনিক ভবনের সামনে ‘উপাচার্য প্রত্যাখ্যান মঞ্চ’ স্থাপন ও প্রতিবাদ সমাবেশ, সোমবার (২ এপ্রিল) প্রতিবাদ মঞ্চে অবস্থান ও উপাচার্য কার্যালয় অবরোধ, মঙ্গলবার (৩ এপ্রিল) দিনব্যাপী অনশন, বুধবার (৪ এপ্রিল) জীববিজ্ঞান অনুষদ থেকে পদযাত্রা ও সমাবেশ এবং বৃহস্পতিবার (৫ এপ্রিল) উপাচার্য কার্যালয় অবরোধ ও প্রতিবাদ সমাবেশ।
অধ্যাপক নাসিম আখতার হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমান উপাচার্য পদত্যাগ করে নতুন উপাচার্য এলেও আট দফা দাবিতে আন্দোলন চলবে।
উপাচার্য কর্তৃক শিক্ষকদের কাছে পাঠানো সহায়তার আহবান সম্বলিত একটি পত্র সংবাদ সম্মেলনে পাঠ করে শোনান অধ্যাপক মানস চৌধুরী।
ওই পত্রে জুবায়ের হত্যাকাণ্ডকে ‘অপঘাত’ উল্লেখ করায় উপস্থিত শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেন।
গত বছরের ডিসেম্বরে ৩২ জন শিক্ষক নিয়োগ দিলে শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলন শুরু করেন ভিন্ন দল ও মতের শিক্ষকরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষকরা হলেন এমএ মতিন, মানস চৌধুরী, শামসুল আলম, মোজাম্মেল হক, আতিকুর রহমান, এনামুল্লাহ পারভেজ, শিক্ষক সমিতির সভাপতি এ এ মামুম, সম্পাদক শরীফ উদ্দিন, রায়হান রাইন, আনোয়ারুল্লাহ ভুঁইয়া, আনিসা পারভীন প্রমুখ।
ডিন নির্বাচন ২৬ এপ্রিল
এদিকে শনিবার এক বিজ্ঞপ্তিতে ২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের মধ্যে ৪টির ডিন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
অনুষদগুলা হল সমাজবিজ্ঞান, কলা ও মানবিক, গাণিতিক ও পদার্থ ও জীববিজ্ঞান।
নিবন্ধক আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, যথা নিয়মে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫২ ঘ.
bdnews24