ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসের ধাক্কায় রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের এক ছাত্র নিহত হওয়ার ঘটনার জের ধরে বুধবার দুপুরে ঢাকা কলেজের সামনে আবারও বাস ভাংচুর করেছে শিক্ষার্থীরা।
নিউমার্কেট এলাকায় দায়িয়ত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুমন কান্তি রায় জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মেট্রো সার্ভিসের একটি বাসে ভাংচুরের পরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় ২০-২৫ মিনিটের জন্য ওই এলাকায় যান চলাচল ও আশেপাশের দোকানপাটও বন্ধ হয়ে যায়।
সুমন কান্তি রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার রাতে নিউ মার্কেট এলাকায় বাসচাপায় ঢাকা কলেজের এক শিক্ষার্থী নিহতের ঘটনার জের ধরেই এ ভাঙচুর চালানো হয়।”
তিনি জানান, তাৎক্ষণিকভাবে বাসটির আগুন নেভানোর ব্যবস্থা করা হয়। বর্তমানে বাসটি নিউমার্কেট থানায় রয়েছে। পরিস্থিতি এখন শান্ত। যান গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে।
গত সোমবার রাতে রাস্তা পার হওয়ার সময় নিউমার্কেট এলাকায় বাসচাপায় নিহত হন ঢাকা কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র ছাত্র এস এম জাকারিয়া ডালিম (২৭)।
এর পরপরই সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা। এ সময় তারা কয়েকটি যানবাহনে ভাংচুরও চালায়।
মঙ্গলবার সকালেও ঢাকা কলেজের সামনে নিউমার্কেট এলাকায় কয়েকশ’ শিক্ষার্থী রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এ ঘটনায় বাসচালক ইয়াসিনকে আটক করা হয়েছে বলে জানান নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।
ঢাকা কলেজে পড়ালেখার পাশাপাশি ধানমন্ডির একটি বেসরকারি প্রতিষ্ঠাণে চাকরি করতেন ডালিম। চার মাস আগে বিয়ে করেন তিনি। স্বামী-স্ত্রী মিলে ভাড়া থাকতেন আজিমপুর স্টাফ কোয়ার্টারের একটি বাসায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসইউ/১৩২৮ ঘ.
bdnews24