২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজস্ব ক্যাম্পাসে গুণগত পরিবর্তন আসবে

নিজস্ব ক্যাম্পাসে কার্যক্রম শুরু করলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষায় গুণগত পরিবর্তন আসবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 05:47 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজস্ব ক্যাম্পাসে কার্যক্রম শুরু করলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষায় গুণগত পরিবর্তন আসবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) কুড়িলের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মঙ্গলবার তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষায় নব দিগন্ত উন্মোচন করলেও শিক্ষার মান ও পরিবেশ নিয়ে জনমনে অসন্তোষ ছিল। দু’একটি ছাড়া অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে নানা অনিয়ম ও জটিলতা ছিল নিত্যসঙ্গী। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরের ফলে শিক্ষার গুণগত মান, পরিবেশ, গবেষণাসহ সার্বিক অবস্থার উন্নতি হবে বলে আশা করেন নাহিদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে এআইইউবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ারুল আবেদীন, উপাচার্য কারমেন জেড ল্যামাগনা প্রমুখ বক্তব্য রাখেন। শিক্ষা মন্ত্রণালয় জানায়, ইতোমধ্যে ১১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাস স্থাপন করেছে। সাতটির নিজস্ব ক্যাম্পাস স্থাপনের কাজ চলছে। সাতটি নকশা অনুমোদন করালেও ভবন নির্মাণ শুরু করেনি। এছাড়া ১৮টি বিশ্ববিদ্যালয় জমি কিনলেও ভবনের নকশা অনুমোদন করায়নি। ইবাইস, অতীশ দীপংকর ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মালিকানা দ্বন্দ তিন মাসের মধ্যে নিরসন করতে বলা হয়েছে। নর্দার্ন, ইউআইটিএস ও লিডিং বিশ্ববিদ্যালয়সহ যাদের সঙ্গে সরকার ও কমিশনের মামলা রয়েছে তা দ্রুত আদালতের মাধ্যমে নিরসনের তাগিদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যেসব কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের নামে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জমি কিনেছে অথবা জমি বিশ্ববিদ্যালয়ের নামে হস্তান্তর করেনি তাদের আগামী ছয় মাসের মধ্যে জমি ক্রয়/হস্তান্তর করে অবকাঠামো নির্মাণের মাধ্যমে নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তর করতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/ডিডি/২৩৩৯ ঘ.