চট্টগ্রাম, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিনকে মোবাইল ফোনে ‘সর্বহারা’ পরিচয়ে হুমকি দিয়ে চাঁদা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকাল ১১টার দিকে অধ্যাপক আলাউদ্দিনের মোবাইল ফোনে হুমকি দিয়ে ১৫ লাখ টাকা চাঁদা চাওয়া হয়।
‘সর্বহারা’ পরিচয় দেওয়া ‘মহিউদ্দিন’ চট্টগ্রামে অবস্থান করছেন বলে উপ-উপাচার্যকে বলেন।
বিষয়টি তিনি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এবং হাটহাজারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বাবুল আক্তারকে মৌখিকভাবে জানিয়েছেন।
অধ্যাপক আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পূর্ব বাংলা সর্বহারা দলের নেতা মহিউদ্দিন পরিচয় দিয়ে বেলা ১১টা ৯ মিনিটে একটি এয়ারটেল নম্বর থেকে আমাকে ফোন করে হুমকি দিয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে।”
“টেলিফোনে ওই ব্যক্তি বলেন, বিজিবি’র সঙ্গে সংঘর্ষে তাদের অনেক কর্মী আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য ২৫ লাখ টাকা দরকার।”
চবি উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের ফোন নম্বরটি দিয়ে ওই ব্যক্তিকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/২১০৪ ঘ.
bdnews24