২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির বেশিরভাগ বিভাগে ক্লাস হয়নি

ইসলামী ছাত্রশিবিরের অবিরাম ধর্মঘটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) খোলার চতুর্থ দিনেও কয়েটি বিভাগ ছাড়া অন্য বিভাগুলোতে ক্লাস হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 03:36 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

চট্টগ্রাম, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ছাত্রশিবিরের অবিরাম ধর্মঘটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) খোলার চতুর্থ দিনেও কয়েটি বিভাগ ছাড়া অন্য বিভাগুলোতে ক্লাস হয়নি। ধর্মঘটের সমর্থনে ক্যাম্পাসে মিছিল করার অভিযোগে বুধবার তিন শিবিরকর্মীকে কারণ দর্শাতে বলেছে প্রশাসন। এরা হলেন- চবি আরবি বিভাগের তৃতীয় বর্ষের মো. আব্দুস সাত্তার, লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের মো. ফারুক হোসাইন ও রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের মো. নজরুল ইসলাম। তাদের ভবিষ্যতে নিয়মনীতি ভঙ্গ না করার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, শাটল ট্রেন চলাচল করলেও শিক্ষার্থীদের যাতায়াত ছিল খুব কম। কয়েকটি বিভাগে অল্প সংখ্যাক শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্লাস হলেও অধিকাংশ বিভাগে কোন ক্লাস-পরীক্ষা হয়নি। চবি প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন বিভাগে পরীক্ষার সময়সূচি নতুন করে দেওয়া হচ্ছে। তবে সিলগালা করা আমানত হল খোলার বিষয়ে বুধবার পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান। তিন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিস দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “ওই তিন শিক্ষার্থীকে ভবিষ্যতে কোনো নিয়মনীতি ভঙ্গ না করার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে জবাব দিতেও বলা হয়েছে।” এর আগে দুপুরে ক্যাম্পাসের কলা অনুষদ ও মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের সামনে ধর্মঘটের সমর্থনে শিবিরকর্মীরা মিছিল করায় পুলিশ তাদের আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দেয়। গত ৮ ফেব্রুয়ারি চবি ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়। আহত হয় আরো ৪০ শিক্ষার্থী। ওই দিন সন্ধ্যায় হলের শিক্ষার্থীরা প্রশাসনের নির্দেশে হল ত্যাগ করে। গত ১৫ মার্চ চবি সিন্ডিকেটের এক সিদ্ধান্তে ক্যাম্পাসে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়। টানা ৩৮ দিন ক্যাম্পাস বন্ধ থাকার পর রোববার থেকে শিবিরের ৪ দফা দাবিতে লাগাতার ধর্মঘটের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/২১৩৫ ঘ.