শহীদুল ইসলাম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন আসছে।
সহকারী শিক্ষক হিসাবে নারী ও পুরুষ উভয় প্রার্থীকে কমপক্ষে স্নাতক (ডিগ্রি) পাস এবং প্রধান শিক্ষক পদে নিয়োগ পেতে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
সোমবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, শিক্ষক নিয়োগের পরবর্তী বিজ্ঞপ্তি থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আব্দুর রউফ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানে এসএসসি উত্তীর্ণ নারী এবং স্নাতক ডিগ্রিধারী পুরুষরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে নিয়োগের জন্য আবেদন করতে পারেন।
প্রধান শিক্ষক হিসেবে নিয়োগে নারী ও পুরষ উভয় প্রার্থীর বর্তমানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় স্নাতক ডিগ্রি। তবে প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হয়, যাদের শিক্ষকতার এই অভিজ্ঞতা নেই, তাদের আবেদনের যোগ্যতা স্নাতকোত্তর।
সারাদেশে ৩৭ হাজার ৬৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
প্রতিমন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত তিনটি শিক্ষক নিয়োগ পরীক্ষায় মাত্র শূন্য দশমিক ৮৩ শতাংশ এসএসসি পাস প্রার্থী আবেদন করেন। অন্যদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও স্নাতকোত্তর।
মোতাহার বলেন, “শিক্ষক হিসাবে নিয়োগের জন্য শুধু নারী প্রার্থীদের আবেদনের যোগ্যতা এসএসসি পাস হওয়ায় সব সহকারি শিক্ষকই এসএসসি স্কেলে বেতন পাচ্ছেন, এটা ঠিক হচ্ছে না। কারণ সা¤প্রতিক সময়ে নিয়োগ পাওয়া বেশিরভাগেরই শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ডিগ্রি পাস।”
অন্যদিকে প্রধান শিক্ষকদের আবেদনের যোগ্যতা স্নাতক হওয়ায় স্নাতকোত্তর ডিগ্রিধারী অনেকে প্রধান শিক্ষক হলেও তাদের বেতন কাঠামো ঠিক হয়েছে স্নাতক ডিগ্রি বিবেচনায় নিয়ে।
প্রতিমন্ত্রী বলেন, সহকারী শিক্ষক পদে নিয়োগের যোগ্যতা স্নাতক হলে তাদের বেতন কাঠামো সরকারি অন্য ক্ষেত্রে কর্মরত স্নাতক ডিগ্রিধারীর সমান হবে। এছাড়া প্রধান শিক্ষকদের বেতন কাঠামোও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের সমান হবে। এতে তাদের বেতন প্রায় দ্বিগুণ হবে।
বর্তমানে সহকারী শিক্ষকরা ৫ হাজার ৮০০ টাকা স্কেলে বেতন পাচ্ছেন। আর প্রধান শিক্ষকদের বেতন স্কেল ৬ হাজার ৫০০ টাকা।
বর্তমানে ৬০ শতাংশ নারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে নিয়োগ পাচ্ছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষক হিসাবে নিয়োগের জন্য নারী ও পুরুষ প্রার্থীদের অনুপাত সমান করা হবে।
‘পদোন্নতিকে উৎসাব দেব’
শিক্ষক হিসাবে নিয়োগের যোগ্যতা বাড়ানোর পর শিক্ষকদের পদোন্নতিকে উৎসাহিত করা হবে বলে জানান মোতাহার হোসেন।
তিনি বলেন, “একজন শিক্ষক চাকরির সাত বছর পরে পরীক্ষার মাধ্যমে প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করেন। এছাড়া চাকরির বয়স ১২ বছর পার হলে পরীক্ষার মাধ্যমে সহকারী থানা শিক্ষা কর্মকর্তা হিসাবে নিয়োগ পেতে পারেন। আমরা শিক্ষকদের এই পদোন্নতিকে প্রাধান্য দেব।”
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষকের ৬০ শতাংশ পদ পূরণ করা হয়। প্রধান শিক্ষকের বাকি ৪০ শতাংশ পদে সরাসরি নিয়োগ দেয় সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২০১১ ঘ.
bdnews24