ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি স্কুল ও কলেজের ভর্তির ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এই কমিটির আহ্বায়ক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) সাধন কুমার বিশ্বাস বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যত দ্রুত সম্ভব আমাদের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।”
এ কমিটির অপর সদস্যরা হলেন- মাউশির ঢাকা অঞ্চলের উপ-পরিচালক একেএম মোস্তফা কামাল, সহকারি পরিচালক গৌর চন্দ্র মণ্ডল ও ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ।
সাধন কুমার জানান, এমপিওভুক্ত নয়- এমন বেসরকারি বিদ্যালয় ও কলেজে ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্ত করে দেখবেন তারা।
ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, হাবিবুল্লাহ বাহার স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাইস্কুল, মাইলস্টোন উচ্চ বিদ্যালয়, মিতালী বিদ্যাপীঠ, বংশাল উচ্চ বালিকা ও আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়সহ আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান এই তদন্তের আওতায় আসবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৯০৪ ঘ.
bdnews24