২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি: ‘প্রয়োজন’ নেই, তবুও শিক্ষক নিয়োগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অপ্রয়োজনে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরুর অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 01:18 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

জাবি, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অপ্রয়োজনে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরুর অভিযোগ উঠেছে। বিভাগের শিক্ষকরা বলছেন, কোনো ধরনের আলোচনা ছাড়াই এই নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। একে বিশ্ববিদ্যালয়ে প্রশ্নবিদ্ধ শিক্ষক নিয়োগের ধারাবাহিকতা মনে করছেন অনেকে। বিভাগের শিক্ষকরা নতুন করে শিক্ষক নিয়োগ অপ্রয়োজনীয় বললেও বিভাগীয় সভাপতি বলছেন, নতুন কয়েকটি কোর্স চালুর জন্য শিক্ষক নিয়োগের প্রয়োজন রয়েছে। গত ২২ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে গণিত বিভাগে একটি অস্থায়ী সহকারী অধ্যাপক এবং দুটি অস্থায়ী প্রভাষক পদের বিপরীতে আবেদন পত্র আহবান করা হয়। আগামী ১০ মার্চ শিক্ষক নিয়োগ সংক্রান্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সম্পাদক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক শরীফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশাসন কোনো ধরনের নিয়মের তোয়াক্কা না করে গণনিয়োগের ধারাবাহিকতায় মাহতাব উদ্দিন নামে এক ছাত্রলীগ নেতাসহ মোট তিন জনকে নিয়োগ দিতেই তড়িঘড়ি করে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।” বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবেদা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষকদের কর্মঘণ্টা বিবেচনায় নিয়ে বিভাগে ২৪ জন শিক্ষক থাকায় নতুন শিক্ষকের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আর এই নিয়োগের বিষয়ে আমাদের অন্ধকারে রাখা হয়েছে।” সহকারী অধ্যাপক ফারুক আহমেদ বলেন, “গোপনীয়ভাবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ বিষয়ে একাডেমিক কমিটি বা বিভাগের কোনো শিক্ষকের সঙ্গে আলোচনা করা হয়নি।” তবে সহকর্মীদের অভিযোগ নাকচ করে বিভাগীয় সভাপতি অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভাগের নতুন কিছু কোর্সের জন্য শিক্ষক নিয়োগের প্রয়োজন রয়েছে বলেই নিয়োগের প্রক্রিয়া চলছে। “বিভাগে শিক্ষক নিয়োগ দিতে হলে শিক্ষকদের জানাতে হয়, এমন কোনো নিয়ম নেই। তারপরও বিজ্ঞাপন প্রকাশের পর বিষয়টি অনেককে জানানো হয়েছে।” জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক শরীফ এনামুল কবির উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন বিভাগে শতাধিক শিক্ষক নিয়োগ হয়। ওই নিয়োগ প্রক্রিয়া নিয়ে অসন্তোষ রয়েছে। এ নিয়ে বিভিন্ন সংবাদপত্রেও প্রতিবেদন প্রকাশ হয়। শিক্ষক সমিতির সম্পাদক অধ্যাপক শরীফ বলেন, তারা মনে করছেন, গণিত বিভাগেও একই ভাবে নিয়োগের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, “পুরনো বিভাগগুলোতে সাধারণত সহকারী অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হয় না। কিন্তু এই ক্ষেত্রে তাও ঘটছে। উপাচার্য এবং বিভাগীয় সভাপতির যোগসাজশে অনুগত শিক্ষক বৃদ্ধি করতেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১২ ঘ.