গাজীপুর, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা মঙ্গলবার।
সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দুই শিফটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইতোমধ্যে পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম শিফটে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সিভিল, কম্পিউটার সায়েন্স, টেক্সটাইল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার বিভাগের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় শিফটে দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত হবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ বছর সাতটি বিভাগে ৫৪০ আসনের বিপরীতে বাছাই করে চার হাজার ৩১৮ জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
আর চলতি শিক্ষাবর্ষে খোলা নতুন দু’টি বিভাগের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল প্রডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগে ৩০টি আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছে ৩৯৭ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩৫ ঘ.
bdnews24