চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনকে সহযোগিতা দেবে ছাত্রশিবির-ছাত্রদলও।
বৃহস্পতিবার সকাল ১১টায় চবি ছাত্রশিবির ও সাড়ে ১২টায় ছাত্রদলের নেতাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় লিয়াজোঁ কমিটির পৃথক দু’টি সভায় এই আশ্বাস দেয় সংগঠন দুটির নেতারা।
লিয়াজোঁ কমিটির প্রধান ও চবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
সংগঠন দু’টি কমিটির কাছে কিছু প্রস্তাব ও দাবি পেশ করেছে জানিয়ে তিনি বলেন, “আমরা তাদের দাবি ও প্রস্তাবগুলো বিবেচনায় রাখছি।”
চবি ইসলামী ছাত্রশিবিরের সভাপতি বদিউল জানান, আমাদের ৯ সদস্যের একটি দল লিয়াজোঁ কমিটির সঙ্গে আলোচনা করেছে।
গত ৮ ফেব্রুয়ারি চবিতে সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তি প্রদান, শিবিরের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারসহ প্রতিটি হলে বৈধ শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করার দাবি জানায় ছাত্রশিবির।
ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি নেছারুল ইসলাম নাজমুল বলেন, বিশ্ববিদ্যালয়ের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ লিয়াজোঁ কমিটির কাছে তারা ৯ দফা দাবি জানান।
ছাত্রদলের উল্লেখযোগ্য অন্যান্য দাবি হলো- শাটল ট্রেনের বগি ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ, ক্যাম্পাস ভিত্তিক থানা স্থাপন, বেসরকারি কটেজে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদারকির ব্যবস্থা করা ইত্যাদি।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে সভায় লিয়াজোঁ কমিটির প্রধান ছাড়াও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলী আজগর চৌধুরী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. সিকান্দার চৌধুরী, রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ন ম মনির আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বুধবার লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দেয় ছাত্রলীগ।
গত ৮ ফেব্রুয়ারি চবি ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হওয়ার পরিদন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় ১০ সদস্যর লিয়াজোঁ কমিটি ও একটি তদন্ত কমিটি করা হয়।
সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় ২ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণাও করা হয়। লিয়াজোঁ কমিটিকে ছাত্র সংঘর্ষসহ বিভিন্ন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সুপারিশ দেওয়ার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/১৭৫২ ঘ.
bdnews24