জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যাম্পাস সংলগ্ন ২৩ কাঠা সরকারি জমি দখল করে সেখানে ছাত্রী হলের নামে ব্যানার টাঙিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষার্থী লিয়াকত এভিনিউয়ের ৩/১ বাড়িতে এ ব্যানার টাঙিয়ে দেয়।
শিক্ষার্থীরা জানায়, জমিটি দীর্ঘদিন ইংরেজি দৈনিক অবজারভারের দখলে ছিল। ২০১০ সালে পত্রিকাটি বন্ধ হয়ে গেলে ঢাকা জেলা প্রশাসন জমিটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জিয়াউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জমিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দেওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে মৌখিক আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু স¤প্রতি জমিটি অন্য একটি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়ায় এভাবে এটা দখল করা হলো।”
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামালউদ্দিন আহমেদ বলেন, “বিশ্ববিদ্যালয়কে জমিটি দেওয়া হবে কি না সে বিষয়টি আমার কাছে স্পষ্ট নয়।”
“তবে শিক্ষার্থীদের দাবির পক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমর্থন আছে।”
সূত্রাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশিক বলেন, “শিক্ষার্থীরা ওই বাড়িতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের নামে ব্যানার টাঙিয়ে দিয়েছে। তারা কোনো বিশৃঙ্খলা করেনি বলে আমরাও হস্তক্ষেপ করিনি।”
এ বিষয়ে কোনো অভিযোগও তাদের কাছে এখনো আসেনি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/১৯০৫ ঘ.
bdnews24