ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি শিক্ষক নিবন্ধন ও সনদ আইন-২০০৫ এবং এর অধীনে ২০০৬ সালে করা বিধিমালা কেন সংবিধান বহির্ভূত ও সংবিধানিকভাবে নিশ্চিত করা মৌলিক অধিকারের পরিপন্থি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
তিন সপ্তাহের মধ্যে আইন সচিব, শিক্ষা সচিব ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও সনদ কর্তৃপক্ষের নির্বাহী বোর্ডের চেয়ারম্যানকে এ জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এক রিট আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার এই রুল জারি করে।
২০০৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ মো. আনোয়ার হোসেন নামে এক চাকরি প্রার্থী সকালে রিট আবেদনটি দায়ের করেন।
রিট আবেদনে বলা হয়, যে কোনো শিক্ষক পদে আবেদনের জন্য পূর্বশর্ত হিসাবে এমনিতেই শিক্ষাগত যোগ্যতা উল্লেখ থাকে। এরপরও এই আইনের মাধ্যমে নিবন্ধন পরীক্ষার নিয়ম করা হয়েছে। যদিও এই পরীক্ষাও চাকরির নিশ্চয়তা দেয় না।
“এই পরীক্ষার মাধ্যমে অর্জিত সনদের মেয়াদ থাকে পাঁচ বছর। এই সময়ের মধ্যে কেউ চাকরি না পেলে তাকে আবার পরীক্ষায় অংশ নিতে হবে।”
রিটকারী নিজেও ২০০৬ সালে নিবন্ধন পরীক্ষায় অংশ নেন। কিন্তু এই সময়ের মধ্যে কোনো চাকরি পাননি। রিট আবেদনে তার বয়স ৩৪ উল্লেখ করা হয়েছে।
আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এবিএম নুরুল ইসলাম। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৯১০ ঘ.
bdnews24