২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসিতে ভুল প্রশ্নপত্র ৩ জেলায়

এসএসসি পরীক্ষা শুরুর দিনে তিনটি জেলায় ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে এক ঘণ্টা পর সঠিক প্রশ্নপত্র দেওয়া হলেও রংপুর ও বরগুনায় দুটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্রেই পরীক্ষা দিয়েছে দেড় শতাধিক শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 01:54 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি পরীক্ষা শুরুর দিনে তিনটি জেলায় ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে এক ঘণ্টা পর সঠিক প্রশ্নপত্র দেওয়া হলেও রংপুর ও বরগুনায় দুটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্রেই পরীক্ষা দিয়েছে দেড় শতাধিক শিক্ষার্থী। বুধবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ২ হাজার ৪৬৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ লাখ ২০ হাজার ৫৭ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর রংপুর প্রতিনিধি জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর জিলা স্কুল কেন্দ্রে পরীক্ষা দেয় পুলিশ লাইন স্কুলের শিক্ষার্থীরা। প্রশ্নপত্র পাওয়ার পরপরই প্রায় ৫০ জন ছাত্র-ছাত্রী জানায়, তাদের দেওয়া হয়েছে ২০১১ সালের প্রশ্নপত্র। এ সময় তারা ২০১২ সালের প্রশ্নপত্র দিতে বললেও কর্তব্যরত শিক্ষকরা তা দেননি বলে অভিযোগ পরীক্ষার্থীদের। ফলে পুরনো প্রশ্নপত্রেই তারা পরীক্ষা দেয়। পরীক্ষা শেষে বিষয়টি সবাই জানলে হৈ চৈ শুরু হয়। রংপুর পুলিশ লাইন স্কুল কেন্দ্রে পরীক্ষা দেওয়া (পুরনো প্রশ্নে) মোখলেসুর রহমান, আলী আহসান ও অমিত বণিক সাংবাদিকদের জানায়, তারা প্রশ্নপত্র পাওয়ার পরপরই কর্তব্যরত শিক্ষককে বার বার অনুরোধ করা সত্ত্বেও তারা কান দেননি। সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়ে শিক্ষার্থীরা। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন আকবর এ ঘটনাকে শিক্ষার্থীদের শিক্ষা জীবন নষ্টের চক্রান্ত বলে দাবি করেন। এর প্রতিকারও চেয়েছেন তিনি। সালাম মিয়া নামের এক অভিভাবক বলেন, “আমার ছেলের ভবিষ্যত কী হবে? তারা নাকি পাস মার্ক পাইয়ে দেবে। এতে কম নম্বরের কারণে কোথাও ভর্তি হতে পারবে না ছেলেটা।” রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবু রায়হান মো. মিজানুর রহমান ঘটনার বলেন, মাত্র দুটি কক্ষে এ ঘটনা ঘটেছে। যারা দায়িত্বে ছিলেন তাদের গাফিলতির কারণে এ ঘটনা ঘটে। বিষয়টি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে জানানো হয়েছে বলে তিনি জানান। তবে এ বিষয়ে কী করা হবে, তা তিনি জানাতে পারেননি। এদিকে পরীক্ষার্থী ও অভিভাবকরা রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের বিচার দাবি করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে। হবিগঞ্জ প্রতিনিধি জানান, লাখাই উপজেলায় বামই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রথমে প্রশ্নপত্র দেওয়া হয় ২০১১ সালের। ৪৫ মিনিট পর শিক্ষার্থীরা হৈ চৈ শুরু করলে নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। জটিলতার জন্য অতিরিক্ত ৪৫ মিনিট সময়ও দেওয়া হয় পরীক্ষার্থীদের। লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, তিনি বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সিলেট বোর্ডের চেয়ারম্যান ও জেলা প্রশাসক মাহমুদ হাসানকে জানান। “শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের নির্দেশে ৪৫ মিনিট পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হয়। শিক্ষার্থীদের অতিরিক্ত ৪৫ মিনিট সময়ও দেওয়া হয়।” বরগুনা প্রতিনিধি জানান, পাথরঘাটা উপজেলার কে এম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৯৬ জন ক্যাজুয়াল (২০০৯-১০ শিক্ষাবর্ষ) পরীক্ষার্থীর ২০১১ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার কথা থাকলেও তাদের পরীক্ষা নেওয়া হয়েছে ২০১২ সালের প্রশ্নপত্রে। কেন্দ্র সচিব কে এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর বলেন, ভুলবশত ২০১২ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। বিষয়টি বরিশাল শিক্ষাবোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যে সব পরীক্ষার্থী ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে, তাদের আরএমও শিট আলাদা করে রাখা হয়েছে বলে তিনি জানান। পাথরঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ২০১১ সালের প্রশ্নের কোনো ঘাটতি ছিল না। কেন্দ্র সচিবের ভুলেই এ ঘটনা ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯৪৩ ঘ.