রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি ছাত্রসংগঠনের মধ্যে সশস্ত্র সংঘর্ষের দুদিনের মাথায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই বাংলা বিভাগের ‘এ-ওয়ান’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে।
এরপর সকাল ১১টা থেকে ১২ পর্যন্ত ইংরেজি বিভাগের ‘এ-টু’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়।
দুপুর ১টা থেকে ২টা ও ৩টা থেকে ৪টা পর্যন্ত দুই শিফটে ‘এ-থ্রি’ ইউনিটের পরীক্ষা হয়। এ ইউনিটে ইতিহাস, ইসলামের ইতিহাস ও দর্শন বিভাগে ভর্তিচ্ছুরা পরীক্ষা দেয়।
এ-ওয়ান ইউনিটে ৯ হাজার ৪শ’ ৬৯ জন, এ-টু ইউনিটে ৮ হাজার ৯শ’ ৫ জন ও এ-থ্রি ইউনিটে ২৩ হাজার ২শ’ ৯জন পরীক্ষার্থী ভর্তির জন্য আবেদন করে।
আগামী ৯ অক্টোবর পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে বিভিন্ন ইউনিটের এই ভর্তি পরীক্ষা চলবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই পুরো ক্যাম্পাস টহল দিচ্ছে পুলিশ। ক্যাম্পাসের কোথাও কোনো উত্তেজনা দেখা যায়নি।
ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মীদের বসার জন্য নির্ধারিত স্থানে সকালে নেতাকর্মীদের দেখা যায়নি। সেখানেও পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।
মঙ্গলবার ক্যাম্পাসে ছাত্রলীগ ও ইসলামী ছাত্র শিবিরের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়। সেদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন মহল এ সংঘর্ষকে ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা বলে আশঙ্কা প্রকাশ করেন।
তবে বুধবার উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, “আপনারা নিশ্চিতে সন্তানদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিন। সকলের নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
কয়েকটি পরীক্ষা কেন্দ্র ঘুরে এসে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নুরুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষার্থীরা ভালভাবে পরীক্ষা দিচ্ছে। কোথাও কোন সমস্যা নেই।”
ভর্তি পরীক্ষা দিতে কুমিল্লা থেকে আসা জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি স্বাভাবিকভাবে পরীক্ষা দিয়েছেন।
এবার বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের ৪৯টি বিভাগের ৩ হাজার ৬১৫ আসনের বিপরীতে মোট দুই লাখ ৪২ হাজার ২৬৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন, যা গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩২৫ ঘ.
bdnews24