২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে শিবিরের ধর্মঘট উপেক্ষা করে পরীক্ষা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট উপেক্ষা করে বিভিন্ন বিভাগে চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 12:32 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট উপেক্ষা করে বিভিন্ন বিভাগে চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। রোববার নৃবিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, পলিটিক্যাল স্টাডিজসহ পূর্ব নির্ধারিত সব বিভাগে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান রেজিস্ট্রার ইসফাকুল হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে পরীক্ষা ও ক্লাসের পাশাপাশি সব ধরনের প্রশাসনিক কার্যক্রম চলেছে। সকালে নির্ধারিত সময়ে ক্যাম্পাস থেকে সব রুটের বাস ছেড়ে যায়। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিও স্বাভাবিক বলে জানান রেজিস্ট্রার। যুদ্ধাপরাধের অভিযোগে ১১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গোলাম আজমকে কারাগারে পাঠানোর খবরে ছাত্রলীগ আনন্দ মিছিল বের করলে শিবিরের সঙ্গে সংঘর্ষ হয়। এর জের ধরে তিন দফা দাবিতে ১৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে ছাত্র শিবির। ধর্মঘটের মধ্যে বিভিন্ন বিভাগের ক্লাস অনুষ্ঠিত হলেও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সব বিভাগের চূড়ান্ত পরীক্ষা ২৬ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছিল। ক্লাস ও পরীক্ষা শুরু হলেও এসএমএস-এর মাধ্যমে অনেককে হুমকি দেওয়া হচ্ছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রি শেখর রায়। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধানকেও ফোনে হুমকি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক শামসুজ্জামান চৌধুরী সুমন বলেন, ধর্মঘট প্রত্যাখান করে যথারীতি ক্লাস-পরীক্ষা হচ্ছে। ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক। শিবির ক্যাডাররা আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন তিনি। ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আ. জ. ম. মুজাহিদ রুমী বলেন, কিছু সংখ্যক শিক্ষার্থীকে বাদ রেখে পরীক্ষা নিলে তার দায়ভার প্রশাসনকে নিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮১৭ ঘ.