ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশৃঙ্খলা সৃষ্টি করায় তিন ছাত্রলীগকর্মীকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হল কর্তৃপক্ষ।
তারা হলেন- ইসলাম শিক্ষা বিভাগের মো. ফোরকান, ইংরেজি বিভাগের নজরুল ইসলাম এবং দর্শন বিভাগের সৈয়দ মাহমুদ উল্লাহ। তিন জনই প্রথম বর্ষের শিক্ষার্থী।
রোববার রাতে হলের এক ছাত্রকে মারধরসহ উচ্ছৃঙ্খল আচরণ করায় তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
রাতের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। আবাসিক শিক্ষক ড. আবদুল বাছিরকে প্রধান করে গঠিত এই কমিটির অন্য দুই সদস্য হলেন ড. মো. রফিকুল ইসলাম ও মো. রবিউল ইসলাম।
তাদের তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
হলের ছাত্ররা জানায়, রোববার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ও হল শাখা সভাপতি আবদুর রহমান জীবনের আহ্বানে সংগঠনের ‘গেস্ট রুম সভায়’ অংশ না নেওয়ায় তার অনুসারীরা ইসলামুল হক নামের এক ছাত্রকে মারধর করে। তখন হল শাখার ‘ময়মনসিংহ গ্র“পের’ ছাত্রলীগকর্মীরা ইসলামুলের পক্ষে অবস্থান নিলে হলে উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ হলে যায়।
অধ্যাপক আখতারুজ্জামান বলেন, “হলে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ বরদাশত করা হবে না। বিশৃঙ্খলা সৃষ্টিকারী যেই হোক না কেন, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৮৪৫ ঘ.
bdnews24