২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ইংরেজি বিভাগ: শিক্ষার্থীদের পুনর্মিলনী শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থীরা বাৎসরিক পুনর্মিলনীতে জড়ো হচ্ছেন আগামী শুক্রবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2012, 12:56 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থীরা বাৎসরিক পুনর্মিলনীতে জড়ো হচ্ছেন আগামী শুক্রবার। আয়োজকরা বলছেন, আগামী ২৭ জানুয়ারির পুনর্মিলনী অনুষ্ঠান আগেকার যে কোনো আয়োজনের চেয়ে ভিন্ন হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানটি হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রে। সেখানে ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থীরা, যাদের মধ্যে মন্ত্রী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের সেলিব্রিটি রয়েছেন, তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করবেন। ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটির এবারের পুনর্মিলনীর দিনটি কাকতালীয়ভাবে মিলে যাচ্ছে বিভাগের প্রতিষ্ঠা দিবসের সঙ্গে। আগামী ২৭ জানুয়ারি এ বিভাগের ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯২১ সালে প্রতিষ্ঠার সময় থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু হয়। তবে ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটি যাত্রা শুরু করে ১৯৮৬ সালের ডিসেম্বরে। প্রতিবছরের জানুয়ারি মাসের শেষ শুক্রবার সোসাইটির পুনর্মিলনী অনুষ্ঠান হয়। সোসাইটির সাধারণ সম্পাদক মাসরুর চৌধুরী বলেন, “এবারের আয়োজন আগের যে কোনো বারের চেয়ে বেশি ইন্টারঅ্যাকটিভ হবে।” নানা ক্ষেত্রে অবদানের জন্য বিভাগের শিক্ষার্থীদের নানা ধরনের বৃত্তি ও পুরস্কার দিয়ে থাকে অ্যালামনাই সোসাইটি যা বাৎসরিক এ আয়োজনে ঘোষণা করা হয়। ইংরেজি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক রেবেকা হক বলেন, “আমাদের ছাত্ররা প্রতিবছর এ অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকে। সেমিনার লাইব্রেরির উন্নয়নে সোসাইটির অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএনএ/পিডি/১৮৫১ ঘ.