২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে শিবিরের ধর্মঘট, ছাত্রলীগের বিক্ষোভ

সংঘর্ষের জের ধরে তিন দফা দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 10:44 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

শাবি, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংঘর্ষের জের ধরে তিন দফা দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত রয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ পরীক্ষা হলেও ক্লাস হয়নি। বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো বিভাগে ক্লাস হয়নি। সকালে ক্যাম্পাস থেকে কোনো বাস না ছাড়লেও দুপুর ১টার পর পুলিশ প্রহরায় বাস চলতে দেখা গেছে। এদিকে শিবিরের ডাকা ধর্মঘটের বিরুদ্ধে সরকার সমর্থক ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। এর আগে শনিবার আটটি বিভাগে চূড়ান্ত পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যুদ্ধাপরাধের অভিযোগে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে কারাগারে পাঠানোর খবরে বিকালে ছাত্রলীগের আনন্দ মিছিল করার পর শিবিরের সঙ্গে সংঘাত বাঁধে। এতে অন্তত ২০ জন আহত হয়। সংঘর্ষের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আবাসিক হলে ভাংচুরের ক্ষতিপূরণ ও হলে সহাবস্থান নিশ্চিত করার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় শাখা। রোববার সকালে শিবিরের নেতা-কর্মীরা টুকের বাজারের দিক থেকে একটি এবং মদিনা মার্কেটের দিক থেকে একটি সশস্ত্র মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে এসে টায়ার জ্বালিয়ে দেয়। এদিকে দুপুর ১২টায় ছাত্রলীগ ফুডকোর্ট থেকে ক্যাম্পাসে ধর্মঘট বিরোধী মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ঘুরে লাইব্রেরি ভবনের সামনের এসে শেষ হয়। সেখানে সমাবেশে ছাত্রলীগ নেতা-কর্মীরা ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানায়। ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান আসাদের পরিচালনায় ধর্মঘট বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক শামসুজ্জামান চৌধুরী সুমন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নাইম হাসান, যুগ্ম- আহ্বায়ক কামরুজ্জমান খান সুইট, আতিকুর রহমান, মাহিবুল হাসান মুকিত। ছাত্রলীগের মিছিলের সময় বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী ধামালী পাড়া এলাকায় শিবির নেতা-কর্মীরা ককটেল ফাটায় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আ. জ. ম মুজাহিদ রুমী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৪০ ঘ.