২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুবায়ের হত্যা: তিন দফা দাবি তার বিভাগের

জুবায়ের আহমেদ হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষার্থীদের নিরাপত্তাসহ তিন দফা দাবিতে মৌনমিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 10:20 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুবায়ের আহমেদ হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষার্থীদের নিরাপত্তাসহ তিন দফা দাবিতে মৌনমিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। সকাল ১০টায় বিভাগে অনুষ্ঠিত এক জরুরি সভা শেষে শিক্ষক-শিক্ষার্থীরা নতুন কলা ভবন থেকে রেজিস্ট্রার ভবনে উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবীরের কার্যালয় পর্যন্ত একটি মৌন মিছিল করে। মিছিল শেষে বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে দেখা করে বিভাগের পক্ষ থেকে তিন দফা দাবি জানায়। ইংরেজি বিভাগের ছাত্র জুবায়েরকে গত ৮ জানুয়ারি কুপিয়ে আহত করে ছাত্রলীগের একদল কর্মী, পরদিন হাসপাতালে তার মৃত্যু হয়। তার বিভাগের দাবিগুলো হচ্ছে- জুবায়ের হত্যার জন্য দায়ী এবং হত্যাকাণ্ডে সংশ্লিষ্টদের আজীবন বহিষ্কার ও তাদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তার মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ। ইংরেজি বিভাগের সভাপতি মাশরুর শহীদ হোসেন বলেন, জুবায়েরের হত্যারকারীদের শাস্তি কার্যকর করতে প্রতিদিন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ‘জুবায়ের আহমেদের হত্যাকারীদের বিচার চাই’- এই শিরোনামে ব্যাজ ধারণ করবে। এছাড়াও বিভাগের আয়োজনে নিয়মিতভাবে শোক ও প্রতিবাদ সভার আয়োজন করা হবে। “আমরা উপাচার্যের সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন, সন্দেহভাজনদের গ্রেপ্তার করার প্রক্রিয়া চলছে। দলমত নির্বিশেষে নৈর্ব্যক্তিকভাবে তিনি এই বিষয়টি দেখবেন এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করবেন,” যোগ করেন তিনি। জুবায়ের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া তিন ছাত্রকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অব্যাহতি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাকেও। এদিকে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে রোববার সন্ধ্যায় প্রতিবাদী মশাল মিছিল কর্মসূচি পালন করবে ‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/এমআই/১৬১৭ ঘ.