২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাস-পরীক্ষা অব্যাহত থাকবে: জাবি কর্তৃপক্ষ

জুবায়ের আহমেদ হত্যার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম বর্জন চালিয়ে গেলেও ক্লাস-পরীক্ষা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2012, 10:31 AM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুবায়ের আহমেদ হত্যার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম বর্জন চালিয়ে গেলেও ক্লাস-পরীক্ষা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবিরের সভাপতিত্বে প্রশাসনিক সভার বৈঠকে সর্বসম্মতিক্রমে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।” গত ৮ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়েরকে কুপিয়ে আহত করে ছাত্রলীগের একদল কর্মী, যারা ক্যাম্পাসে উপাচার্যের সমর্থনপুষ্ট হিসেবে পরিচিতি। পরদিন হাসপাতালে মারা যান জুবায়ের। এরপর থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে চার দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনে যোগ দিয়েছেন শিক্ষকরাও। জুবায়ের হত্যায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া তিন ছাত্রকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অব্যাহতি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাকেও। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বল্পতম সময়ের মধ্যে জুবায়ের হত্যাকাণ্ডের বিচার শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয় সভায়। বিশ্ববিদ্যালয় সিনেট হলে এই সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, ইনস্টিটিউটের পরিচালক, প্রভোস্ট, প্রক্টর, সব বিভাগের সভাপতি এবং ভারপ্রাপ্ত শিক্ষকরা উপস্থিত ছিলেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/জেকে/১৬২৫ ঘ.