ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিযুক্ত যুদ্ধাপরাধীদের পক্ষ নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুলকে বহিষ্কারের দাবিতে তার কক্ষে তালা ঝুলানোর পরদিন উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে একটি সংগঠন।
যুদ্ধাপরাধের বিচার দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন ‘স্লোগান-৭১’-এর সভাপতি নিয়াজ মাকদুম শিবলী এই স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে বলা হয়, “এই সংগঠনের অন্যতম মূল দাবি হলো যারা মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা এবং যুদ্ধাপরাধ করেছে তাদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।”
“কিন্তু আমরা স্তম্ভিত হয়ে যাই, যখন দেখি এই বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক (আসিফ নজরুল) রাজাকারদের সাফাই গান।”
এ বিষয়ে আসিফ নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি সব কিছু দেখছি-শুনছি। আপাতত এ নিয়ে কিছু করছি না। তবে শিগগিরই বিষয়টি নিয়ে একটা লেখা লিখব।”
তাকে বহিষ্কারের দাবিতে সংগঠনটি বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহের হোসেন ভবনের আইন বিভাগে আসিফ নজরুলের কক্ষে তালা দেয় এবং এর সামনে অগ্নি সংযোগ করে।
ওই ঘটনা তদন্তে আইন বিভাগের পক্ষ থেকে আইন অনুষদের ডিন ও আইন বিভাগের চেয়ারপার্সন তাসলিমা মনসুরকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কমিটি প্রধান।
গত ৩১ ডিসেম্বর একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত টক শো ‘ফ্রন্টলাইনে’ আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেছিলেন, সাঈদী ৭১-এ যুদ্ধাপরাধে কোনোভাবেই জড়িত ছিলেন না। কারণ তিনি তখন কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না।
একাত্তরে পিরোজপুরে হত্যা, ধর্ষণ, লুটতরাজ ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
মানবতাবিরোধী ২০টি অপরাধে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
সাঈদী ছাড়াও জামায়াতের চার শীর্ষ নেতা যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন- দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা।
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকেও যুদ্ধাপরাধের অভিযোগে বুধবার গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
এ ছাড়া দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার রয়েছেন যুদ্ধাপরাধের অভিযোগে। এদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/১৯০০ ঘ.
bdnews24