২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভ

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উন্নয়ন ফি প্রত্যাহারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে সিন্ডিকেটের সভা ডেকেছেন উপাচার্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 09:50 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উন্নয়ন ফি প্রত্যাহারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে সিন্ডিকেটের সভা ডেকেছেন উপাচার্য। বুধবার সকাল সাড়ে ৯টায় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে জড়ো হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এর আগে মঙ্গলবার শিক্ষার্থীদের উন্নয়ন ফি বাতিলের দাবিকে ‘অযৌক্তিক’ আখ্যায়িত বিশ্ববিদ্যালয়ে সব ধরনের মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করার ঘোষণা দেন উপাচার্য ড. মেজবাহ উদ্দিন আহমেদ। তবে শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে মূল ফটক বন্ধ করে পরিচয়পত্র দেখে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ঢোকানো হয়েছে। এর পর পরই জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। পৌনে ১১টার দিকে তারা ক্যাম্পাসের নতুন ভবনে তালা ঝুলিয়ে দিলেও ১৫ মিনিটের মধ্যেই শিক্ষকরা তালা ভেঙে ভেতরে ঢোকেন। দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। কিন্তু কিছু কিছু বিভাগে শিক্ষকরা জোরপূর্বক তালা দিয়ে ক্লাস নেওয়া এবং শিক্ষার্থীদের লাঞ্ছিত করার অভিযোগও আনা হয় ওই সংবাদ সম্মেলনে। অবশ্য উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দীন আহমেদ সাংবাদিকদের কাছে দাবি করেছেন, সব বিভাগে স্বাবাভিকভাবে ক্লাস ও পরীক্ষা চলেছে। সভা সমাবেশের আরোপ করা নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। সামগ্রিক পরিস্থিতি ও করণীয় বিকাল ৪টায় সিন্ডিকেটের বৈঠক ডাকা হয়েছে বলেও জানান তিনি। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়েছিলো। তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনে পাঁচ বছর পর নিজস্ব অর্থায়নে এই শিক্ষা প্রতিষ্ঠানটি চলানোর কথা বলা হয়। এরই পরিপ্রেক্ষিতে গত বছরের মাঝামাঝি সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফি বাড়িয়ে দেওয়া হলে ব্যাপক আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বরাদ্দ অব্যাহত রাখার ঘোষণা দেন। তবে তা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘গড়িমসি’ করছে- এমন অভিযোগ এনে ফের আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৫৪৮ ঘ.