জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুবায়ের আহমেদ হত্যার ঘটনায় দোষীদের বিচার ও প্রক্টরের পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন শিক্ষকরা।
মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘সচেতন শিক্ষক সমাজ’ ব্যানারে মানববন্ধন শেষে উপাচার্যের কার্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে তারা একাত্মতা ঘোষণা করেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষক অংশ নেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র জুবায়েরকে রোববার সন্ধ্যায় শহীদ রফিক-জব্বার হলে কুপিয়ে জখম করে ছাত্রলীগ কর্মীরা। সোমবার ভোর ৫টার দিকে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মানববন্ধন কর্মসূচি শেষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া এ ধরনের একটি ঘটনার দায় বিশ্ববিদ্যালয়কেই বহন করতে হবে। প্রক্টরকে এ জন্য পদত্যাগ করতে হবে। কারণ তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।”
সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, “শিক্ষার্থীদের রক্তের উপরে পা দিয়ে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হবে না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে ব্যর্থতার জন্য প্রক্টরকেও পদত্যাগ করতে হবে।”
নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক নাসরিন খন্দকার বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময়ই সন্ত্রাসীদের সহযোগিতা দিয়ে থাকে। এ কারণেই বিশ্ববিদ্যালয়ের এধরনের ঘটনাগুলোর কোন সুষ্ঠু বিচার সম্ভব হয় না।”
অন্যদের মধ্যে এ টি এম আতিকুর রহমান, মানষ চৌধুরী, মো. আব্দুল মতিন, আনোয়ারুল হক ভূঁইয়া, মোজাম্মেল হক, সুমা মোমতাজ, রায়হান রাইন প্রমুখ শিক্ষক মানববন্ধনে উপস্থিত ছিলেন।
সোমবার তিন ছাত্রের স্থায়ী বহিষ্কারের পর অন্যান্য দাবি পূরণে মঙ্গলবার সকাল থেকে আবারো আন্দোলন শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সকালে ছাত্রীহলগুলো থেকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এসে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে বিভিন্ন ছাত্র হলের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেয়।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাফিজ আল-আসাদ বলেন, “প্রশাসন আমাদের ২টি দাবি মেনে নিয়েছে। বাকি তিনটি দাবি পূরণে আন্দোলন চলবে।”
শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হচ্ছে, চিকিৎসাকেন্দ্রের আধুনিকায়ন, দায়িত্বে অবহেলার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং নিরাপত্তা কর্মকর্তাদের পদত্যাগ।
এদিকে, বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেওয়ায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে। বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ক্লাস ও পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হচ্ছে।
এ ছাড়া ১২ জানুয়ারি নির্ধারিত তারিখেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/১৫৩২ ঘ.
bdnews24