ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তিন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার না করা পর্যন্ত উপাচার্য ও উপ-উপাচার্যের কার্যালয় অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
বিদায়ী ব্যাচের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বুয়েটের মেটেরিয়াল অ্যান্ড মেটালার্জিক্যাল বিভাগের ২০০৮ ব্যাচের শিক্ষার্থী সাইফুল্লাহ সিকদার মিঠুন ও সুজিত সাহা এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৯ ব্যাচের শিক্ষার্থী আরিফ রায়হান দ্বীপকে ছয় মাসের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদের স্থায়ী বহিষ্কারের দাবিতে শনিবার দুপুর থেকে কয়েকশ শিক্ষার্থী উপাচার্য এবং উপ-উপাচার্যের কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। তবে সেখানে দু’জনের কেউই উপস্থিত নেই বলে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুজন মণ্ডল।
আন্দোলনরত শিক্ষার্থী তানভীর আরাফাত ধ্র“ব রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন জনের স্থায়ী বহিষ্কারের আদেশ না হওয়া পর্যন্ত আমরা হলে ফিরব না।”
হামলাকারীরা ছাত্রলীগের কর্মী বলেও দাবি করেন তিনি।
এদিকে, বহিষ্কৃত তিন শিক্ষার্থী ছাত্রলীগের কর্মী বলে স্বীকার করলেও ঘটনার সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তন্ময় আহমেদ। তিনি বলেন, “এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। এদের সংগঠন থেকে বহিষ্কার করা হবে।”
ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিদায়ী ব্যাচের শিক্ষার্থী সামিউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৮ ডিসেম্বরে বুয়েটের বিদায়ী ব্যাচ আয়োজিত কনসার্টে ঢোকার জের ধরে জুনিয়র ব্যাচের কয়েকজনের সঙ্গে কথাকাটাকাটি হয়। শনিবার দুপুরে নজরুল ইসলাম হলের ২০১ (ক) কক্ষের আবাসিক ছাত্র তৌসিফ আহমেদ ঈসানকে ব্যাট ও রড দিয়ে বেধড়ক মারধর করে ০৮ ব্যাচের সুজিত, মিথুন ও ০৯ ব্যাচের দ্বীপ।
গুরুতর আহত অবস্থায় ঈশান রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার চিকিৎসা ব্যয় বহনের ঘোষণা দিয়েছে।
উপ-উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ মেলায় তিন জনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
“আজকের সভায় চার সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। সোমবার সকাল ৯টার মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এরপর রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি সভায় নিয়মনুযায়ী শাস্তি নিশ্চিত করা হবে”, যোগ করেন তিনি।
ঘটনার পর হল ও ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২২১৯ ঘ.
bdnews24