২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবির সাত বিষয় মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নয়

মাদ্রাসা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা এবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাতটি বিষয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 12:39 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদ্রাসা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা এবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাতটি বিষয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন না। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ওই সাতটি বিষয় হলো- সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি, লোক প্রশাসন, সমাজবিজ্ঞান, পলিটিক্যাল স্টাডিজ, নৃবিজ্ঞান, সমাজকর্ম, ব্যবসায় প্রশাসন। তবে ভর্তির সুযোগ থাকছে একই অনুষদের বাংলা ও ইংরেজিতে। আগামী ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সর্বোচ্চ মেধাধারী শিক্ষার্থীদের ভালো বিষয়ে ভর্তির সুযোগ করে দেওয়ার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শাখা থেকে যেসব মাদ্রাসা শিক্ষার্থীরা পাশ করেছে তারা বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ে ভর্তি হতে পারবে। তবে মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এ সুযোগ দেওয়া হবে না।" এদিকে সিন্ডিকেট সভায় নেওয়া ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন ভর্তিচ্ছু মাদ্রাসা শিক্ষার্থীরা। ইতোমধ্যে তারা 'মাদ্রাসা ছাত্র অধিকার সংরক্ষণ কমিটি' ব্যানারে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, উপাচার্য, জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮৩৮ ঘ.