২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগ থেকে জগন্নাথের ১৭ শিক্ষার্থী গ্রেপ্তার

নিজেদের আয়ে চলা সংক্রান্ত আইন সংশোধনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমর্থনে শাহবাগে একটি সমাবেশ থেকে ১৭ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 10:06 AM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেদের আয়ে চলা সংক্রান্ত আইন সংশোধনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমর্থনে শাহবাগে একটি সমাবেশ থেকে ১৭ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুরান ঢাকার এ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে 'পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীবৃন্দ' ব্যানারে শুক্রবার বিকাল ৪টায় শাহবাগে সমাবেশ ডাকা হয়েছিলো। এতে জগন্নাথের শিক্ষার্থীরাও অংশ নিতে এসেছিলেন। কিন্তু সমাবেশস্থল জাতীয় জাদুঘরের সামনে সাড়ে ৩টা থেকে শিক্ষার্থীরা জড়ো হওয়া মাত্রই তাদের আটক করে ভ্যানে তুলতে শুরু করে পুলিশ। ৩০ মিনিটে ২৯ জনকে পুলিশ ভ্যানে তুলতে দেখা যায়। পরে রাতে ১২জন পথচারীকে শাহবাগ থানা থেকে ছেড়ে দেওয়া হয়। শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যাদের আটক করা হয়েছিল- তাদের মধ্যে ১২জন সাধারণ পথচারীও ছিলেন। তাদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৭ জন ছাত্রকে কাল (শনিবার) আদালতে হাজির করা হবে।" ওসি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীরা অনুমতি না নিয়েই শাহবাগে সমাবেশ করতে আসেন। নিজেদের ক্যাম্পাসে কর্মসূচি পালনের পরামর্শ দিলেও তারা তা শোনেননি। বিকেলে ঘটনাস্থলে দায়িত্বরত ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (রমনা অঞ্চল) শিবলী নোমান সাংবাদিকদের বলেন, "এখানে ভাংচুরের চেষ্টার পরিকল্পনা করা হয়েছিলো বলে খবর পাওয়া গেছে। তাই আটক করা হয়েছে।" পরে 'জাতীয় স্বার্থে ব্লগার অনলাইন অ্যাক্টিভিস্ট' এর ব্যানারে বিকাল ৫টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন লেখক কল্লোল মুস্তফা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকি বিল্লাহ, ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ প্রমুখ। সমাবেশ শেষে কয়েকশ মানুষের একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য সিরাজুল ইসলাম। ২০০৫ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের ২৭(৪) ধারা বাতিলের দাবি জানাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ ধারায় বলা আছে, প্রতিষ্ঠার পাঁচ বছর পর বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন অভ্যন্তরীণ উৎস থেকে করতে হবে। এতে শিক্ষার্থীদের সেমিস্টার ফি ৩ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার পর শিক্ষার্থীরা গত রোববার বিক্ষোভে ফেটে পড়ে। জাতীয় প্রেসক্লাবে সামনে শিক্ষার্থীরা বিক্ষোভের সময় ভাংচুর চালালে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করে। আন্দোলনের মুখে গত বুধবার এ পাবলিক বিশ্ববিদ্যালয় পূজার ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করে। শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে পুলিশের মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। এর পাশাপাশি বেদখল হল উদ্ধার, শিক্ষক সঙ্কট দূর করার দাবিও রয়েছে তাদের। আগামী ২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং ৮ অক্টোবর শহীদ মিনারে সংহতি সমাবেশের কর্মসূচি রয়েছে শিক্ষার্থীদের। এছাড়া ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় খোলার পর দাবি না মানা পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন চলবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০০৪৫ ঘ.