ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশ্নপত্রসহ ছাপাখানার এক শ্রমিক গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে এক সপ্তাহ পিছিয়ে পড়া সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোহাম্মদ সিফায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১০১ সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি ১৯টি কেন্দ্রে এক ঘণ্টার এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পদ্ধতির এ পরীক্ষা তদারকি করবে।
এ বছর সরকারি মেডিকে কলেজের ২৭৬০ এবং ডেন্টালের ২৮০ আসনের বিপরীতে ৫১ হাজার ২৩৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এ ছাড়া বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ৩৬৬৩ এবং ডেন্টালে ৭৬৫ আসন রয়েছে।
সিফায়েত উল্লাহ জানান, ঢাকায় স্বাস্থ্যমন্ত্রী ও তিনি তদারকি দলে নেতৃত্ব দেবেন। এর বাইরে স্বাস্থ্য সচিবের নেতৃত্বে একটি দল থাকবে রংপুর মেডিকেল কলেজে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশের অন্যান্য কেন্দ্রে তদারকির দায়িত্বে থাকবেন বলেও জানান মহাপরিচালক।
সরকারি একটি ছাপাখানা থেকে গত ১৩ সেপ্টেম্বর গোপনে প্রশ্নপত্র নিয়ে বের হওয়ার সময় এক শ্রমিক ধরা পড়লে ১৬ সেপ্টেম্বর পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। এ ঘটনায় এ পর্যন্ত মোট তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএল/২০৩১ ঘ.
bdnews24