ঢাকা বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শান্তি প্রতিষ্ঠার জন্য স্বাধীনতা এবং ন্যায়সঙ্গত বিচারব্যবস্থা নিশ্চিত করা জরুরি বলে মত প্রকাশ করেছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি উইলিয়াম হানা।
'আন্তর্জাতিক শান্তি দিবস' উপলক্ষে বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, শুধু চুক্তি করাই শান্তি প্রতিষ্ঠার জন্য যথেষ্ট নয়।
বাংলাদেশের পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় 'পার্বত্য শান্তি চুক্তি' বাস্তবায়ন করা প্রয়োজন বলেও মত প্রকাশ করেন ইউরোপীয় প্রতিনিধি।
হানা বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় ইইউ সম্প্রতি ২ কোটি ৪০ লাখ ইউরো দিয়েছে।
দেশের দক্ষিণাঞ্চলে তিন পার্বত্য জেলায় দীর্ঘদিন ধরে চলে আসা রক্তক্ষয়ী সংঘাত বন্ধে সরকার ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে এই শান্তি চুক্তি করে।
ইউরোপীয় ইউনিয়ন ২০০৭ থেকে বাংলাদেশের সামাজিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিল এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চল্লিশ কোটি ইউরো সহায়তা দিয়েছে বলে অনুষ্ঠানে উল্লেখ করেন হানা।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "যুদ্ধের অনুপস্থিতি মানেই শান্তি নয়। শান্তি হলো নৈতিক উৎকর্ষতা, সামাজিক অবস্থা ও আত্মবিশ্বাসের সমন্বিত রূপ।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যাজ্ঞ অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, শান্তি ও সংর্ঘষ বিভাগের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
বিডি নিউজ টোয়েনিটঢোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৯১৫ ঘ.
bdnews24