ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা সাত দিন পিছিয়েছে। পরীক্ষা দুটি শুরু হবে ২৩ নভেম্বর।
মঙ্গলবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠানের কথা ছিল।
সচিব বলেন, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার সময়সূচির সঙ্গে দুটি পরীক্ষা সূচি মিলে যাওয়ায় পরীক্ষা পেছানো হয়েছে।
আগামী ১ নভেম্বর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে। চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
সচিব জানান, একই দিন পরীক্ষা থাকায় পরীক্ষা কেন্দ্র, জনবল সমস্যা, শিক্ষার্থীদের আবাসন সমস্যা এবং যানবাহনের উপর চাপ পড়বে। ফলে পরীক্ষা পেছানো হয়েছে।
এসএসসি ও জেএসসিসহ অন্যান্য পাবলিক পরীক্ষার সঙ্গে সমন্বয় রেখে এবার থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলও গ্রেডে প্রকাশ করা হবে বলে জানান তিনি। এর আগে এই পরীক্ষার ফল বিভাগভিত্তিক প্রকাশ করা হতো।
সচিব বলেন, প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা হবে। ২৩ নভেম্বর গণিত, ২৪ নভেম্বর বাংলা, ২৭ নভেম্বর ইংরেজি, ২৮ নভেম্বর পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৯ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ এবং ৩০ নভেম্বর ধর্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন, প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৮০০ ঘ.
bdnews24