২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যলয়: নতুন নিয়োগ বন্ধের আদেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্থলে নতুন নিয়োগ বন্ধ রাখার আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 01:14 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্থলে নতুন নিয়োগ বন্ধ রাখার আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার অপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন। মামলাটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে আগামী ১৬ অক্টোবর পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন। চাকরি রক্ষা কমিটির আইনজীবী খায়ের এজাজ মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৩ সেপ্টেম্বর চেম্বার জজ মো. আবদুল ওয়াহ্হাব মিঞার কাছে হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন করলে তিনি বিব্রতবোধ করেন। এদিকে চাকরিচ্যুতরা সোমবার সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ করেছে। চাকরি রক্ষা কমিটির আহবায়ক নুরুল আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কমিটির সদস্য সচিব মিয়া হোসেন রানা, আব্দুল জলিল, নুরুজ্জামান, কায়েদে আজম, রবিউল ইসলাম প্রমুখ। তারা বলেন, সোমবার সকালে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর চাকরি রক্ষার আবেদনপত্র জমা দিতে গেলে ভারপ্রাপ্ত উপাচার্য তা গ্রহণ করেননি। মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি বরাবার সরাসরি স্মারকলিপি দেওয়া হবে বলে তারা জানান। এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ চৌধুরী জানান, "রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে হলে তা সরাসরি সংশ্লিষ্ট অফিসে দিতে হবে। আমাদের মাধ্যমে জমা দেওয়ার সুযোগ সীমিত।" জোট সরকারের সময় নিয়োগ পাওয়া এই কর্মকর্তা কর্মচারীদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৪ সালের ৩১ অগাস্ট একটি রিট আবেদন করা হয়। পরে ওই রিট খারিজ হলে ২০১০ সালের ১৫ ডিসেম্বর রিভিউ আবেদন করা হয়। এর পেিপ্রক্ষিতে হাইকোর্টের বিচারপতি এ এইচএম সামছ্দ্দুীন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ গত ২৩ অগাস্ট তাদের চাকরি বেআইনি ও অবৈধ ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ১১ সেপ্টেম্বর ৮০৭ জন শিক্ষক, কর্মকর্ত ও কর্মচারীর চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৯ ঘ.