চট্টগ্রাম, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাতা পুনঃনিরীক্ষণের পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় ৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
সোমবার এ ফল প্রকাশের পর মঙ্গলবার তা কয়েকটি স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়।
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পীযুষ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবেদনকারীদের সব বিষয়ের খাতা যথাযথভাবে পুনঃনিরীক্ষণের পর এ ফল প্রকাশ করা হয়েছে।
এর আগে গত ২২ অগাস্ট পীযুষ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন ১০ থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে কোনো একদিন পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।
আগে ফল প্রকাশ বিষয়ে তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়ার তারিখ ঘোষণা হয়ে গেছে। ট্রান্সক্রিপ্ট না পেলে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না। তাই ঘোষিত সময়ের আগেই জরুরিভিত্তিতে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হল।
তিনি জানান, এবার বিভিন্ন বিভাগের মোট তিন হাজার ৩৮৭ জন শিক্ষার্থী প্রায় ১২ হাজার ৯০১ খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন।
২৯ জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত মোবাইল ফোন টেলিটকের মাধ্যমে এসএমএস-এ এসব আবেদন করা হয়।
পীযুষ দত্ত আরো জানান, আবেদনকারীদের মধ্যে ৪৯ জন শিক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়েছে। এদের মধ্যে সাতজন পুনঃনিরীক্ষণের পর জিপিএ ৫ পেয়েছে। বাকি ৪২ জনের গ্রেডিংও বেড়েছে।
তবে আবেদনকারী তিনজন অকৃতকার্য পরীক্ষার্থীর ফলাফলে কোনো পরিবর্তন হয়নি।
গত ২৭ জুলাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষিত হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৮ হাজার ১৯১ জন অংশ নিয়ে ৩৩ হাজার ৯৩১ জন পাস করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/ডিডি/২৩৩১ ঘ.
bdnews24