ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা ক্যাডারদের সমস্যা সমাধানের প্রতিশ্র"তি দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা না দিয়ে ভালো কিছু আশা করা ঠিক নয়।
মঙ্গলবার বিকেলে ঢাকা অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দীর্ঘদিন ধরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডাররা পদোন্নতিসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানিয়ে আসছেন।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, নতুন প্রজন্মের মধ্যে গুণগত পরিবর্তন আনতে শিক্ষকদেরই সবার আগে এগিয়ে আসতে হবে। তবে শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা না দিয়ে আমরা তাদের কাছে ভালো কিছু আশা করতে পারি না। পদ্ধতিগত কারণেই এসব সমস্যা তৈরি হয়েছে। আমরা সমাধানে কাজ করে যাচ্ছি।"
জাতীয় শোক উপলক্ষে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে নাহিদ নতুন প্রজন্মকে দক্ষভাবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি তাদের চিন্তা, চেতনা ও কাজে পরিবর্তন আনারও আহ্বান জানান।
তিনি বলেন, "শিক্ষকরাই শিক্ষার প্রধান শক্তি। নতুন প্রজন্মকে দক্ষভাবে গড়ে তুলতে সবার আগে আপনাদেরই কাজ করতে হবে।"
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মো. নোমার উর রশিদ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব অলিউল্লাহ মো. আজমতগীর প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২১৪৮ ঘ.
bdnews24