ঢাকা বিশ্ববিদ্যালয়, আগস্ট ২০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক শিক্ষকের অধীনে গবেষণা করে অন্য শিক্ষকের নামে তা জমা দেওয়ার ঘটনা অনুসন্ধানে তদন্ত কমিটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
এছাড়া অননুমোদিত ছুটি নিয়ে কর্মস্থলের বাইরে থাকা এক শিক্ষককে আট সপ্তাহের মধ্যে কাজে যোগ দিতে বলা হয়েছে। এছাড়া ঈদের ছুটির মেয়াদ বাড়ানোরও সিদ্ধান্ত হয়েছে।
শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সব সিদ্ধান্ত হয়।
সিন্ডিকেট সভার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদা ওয়াহিদ একই বিভাগের অধ্যাপক এ এস এম আমানুল্লাহ এবং বিভাগের সাবেক ছাত্র শামীম জালাল উদ্দিনের বিরুদ্ধে কুম্ভিলতার অভিযোগ আনেন। বিষয়টি অনুসন্ধানে উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে।
অভিযোগের বিষয়ে অধ্যাপক জিনাত হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৬ সালে তার অধীনে গবেষণাকর্ম সম্পাদন করেন শামীম। কিন্তু অধ্যাপক আমানুল্লাহ ও তার নামে ওই গবেষণাটি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করেন শামীম এবং গত ১২ জুলাই বিভাগে সিলেকশন কমিটিতে প্রকাশিত গবেষণাটি জমা দেন। তখন বিষয়টি আমার নজরে আসলে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাই।
উপাচার্য জানান, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের ৭ সেপ্টেম্বর অফিস খুলবে এবং ১০ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।
আগের সিদ্ধান্ত অনুযায়ী ২৫ অগাস্ট ছুটি শুরু হয়ে ৩ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল।
অধ্যাপক আরেফিন আরো জানান, অনুমোদিত ছুটি শেষ হয়ে যাওয়ার পর কাজে যোগ না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. তামান্না সুলতানাকে আট সপ্তাহের মধ্যে কাজে যোগ দিতে বলা হয়েছে। তার ছুটির মেয়াদ শেষ হয়েছে গত ১০ জুন।
"ওই সময়ের মধ্যে কাজে যোগ না দিলে তার বিরুদ্ধে চাকরিচ্যুতিসহ বিধি অনুযায়ী অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২২৪ ঘ.
bdnews24