নোয়াখালী, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সমর্থিত ছাত্রলীগের একাংশের বাধায় মঙ্গলবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত একটি পরীক্ষা কয়েক ঘণ্টা পর পুলিশ পাহারায় নিতে হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, সকালে তারা পরীক্ষা দিতে এসে দেখেন একাডেমি ভবনের প্রধান ফটকে তালা ঝোলানো। অনেকক্ষণ সেখানে অপেক্ষা করেও তারা পরীক্ষা দিতে পারেননি।
তারা জানান, ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা ফটকে তালা দেয়।
পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ পাহারায় অন্য একটি ভবনে পরীক্ষা নেয়। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা ভাষা শহীদ আব্দুস সালাম হলের বেশ কয়েকটি কক্ষের জানালার কাচ ভাংচুর করে।
গত ২৪ মে বিশ্ববিদ্যালয়ের হলের সিট দখল নিয়ে ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ছাত্রলীগের মঞ্জুরুল ইসলাম ওরফে মহসিনের সমর্থকেরা সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ করে এবং ফটকে তালা দেয়।
তবে দুপুরে পুলিশ গিয়ে তাদের হটিয়ে দেয়। এরপর পরীক্ষার সময় বাইরে পুলিশের পাহারা ছিলো।
মসহিন সাংবাদিকদের বলেন, "আমরা ছাত্রদের যৌক্তিক দাবি নিয়ে একাডেমিক ভবনে অবস্থান নিয়েছিলাম। কিন্তু পুলিশ লাঠিপেটা করে আমাদের হটিয়ে দেয়।"
সহকারী পুলিশ সুপার আলী হোসেন অবশ্য ছাত্রদের লাটিপেটার অভিযোগ নাকচ করে বলেন, ঘটনাস্থল থেকে পাঁচ ছাত্রকে সাময়িকভাবে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৪ মে'র ঘটনায় দু'টি তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো। ইতোমধ্যে কমিটি দু'টি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী প্রশাসন অগ্রসর হচ্ছে। কিন্তু না বুঝেই একদল উচ্ছৃঙ্খল ছাত্র একাডেমিক ভবনে তালা দিয়ে পরীক্ষা বন্ধ করে দেয়, বলেন উপাচার্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮০০ ঘ.
bdnews24