২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষের পর ইবির হল খালির নির্দেশ

ছাত্রলীগ ও ছাত্র শিবিরের সংঘর্ষের পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব হল খালি করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2011, 03:51 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ ও ছাত্র শিবিরের সংঘর্ষের পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব হল খালি করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রোববার সন্ধ্যার সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় গুলির শব্দও পাওয়া গেছে বলে শিক্ষার্থীরা জানিয়েছে। সংঘর্ষের পর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পর্ষদের (প্রভোস্ট কাউন্সিল) এক সভা হয়। তাতেই হল খালি করার সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ে এখন রমজান ও ঈদের ছুটি চললেও হলগুলো খোলা ছিলো। প্রাধ্যক্ষ পর্ষদের সভাপতি ও জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সেলিম রাত পৌনে ১২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ের ছয়টি হলের প্রত্যেকটি খালি করার সিদ্ধান্ত হয়েছে। ছাত্র-ছাত্রীদের কাল (সোমবার) বেলা ৩টার মধ্যে হল ছাড়তে হবে।" পোস্টার ছেড়াকে কেন্দ্র করে রোববার সন্ধ্যার এ সংঘাত বাঁধে বলে শিক্ষার্থীরা জানিয়েছে। সংঘর্ষের সময় জিয়া ও লালন শাহ হলে ব্যাপক ভাংচুর হয়। গভীর রাতেও এ নিয়ে উত্তেজনা চলছিলো। সংঘর্ষের পরপরই ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন সাংবাদিকদের বলেছেন, পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, বিকাল ৫টার দিকে জিয়া হলে পোস্টার ছেড়া নিয়ে দুটি সংগঠনের কর্মীদের মধ্যে তর্কাতর্কি হয় এবং তা থেকে সংঘর্ষের সূত্রপাত। শিক্ষার্থীরা জানায়, তর্কাতর্কির পর উভয় পক্ষ জিয়া হলের দুই পাশে অবস্থান নেয়। ওই সময় শিবিরের পাঁচ কর্মী জিয়া হলের ১০৬ নম্বর কক্ষ থেকে বেরিয়ে এলে ছাত্রলীগকর্মীদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। তখন বাইরে থাকা শিবিরকর্মীদের সঙ্গে যোগ দেয় সংগঠনটির সাদ্দাম হলের কর্মীরা। দলে ভারী হয়ে শিবিরকর্মীরা ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় জিয়া হলে ব্যাপক ভাংচুর এবং তার পাশাপাশি লুটপাটও হয় বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছে। ওই হলে সংঘর্ষে শিবিরের শাহাদাত, তাওহীদ, মোহাম্মদ উল্লাহ, শফিকসহ অন্তত ২০ জন আহত হয়। তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিয়া হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ সেলিম সাংবাদিকদের বলেন, "সংঘর্ষের খবর পাওয়া মাত্র আমি আমার এক সহকর্মীকে নিয়ে হলে আসি। আমরা আমাদের সাধ্যমত শিক্ষার্থীদেরকে শান্ত করার চেষ্টা করি। কিন্তু প্রশাসনের লোকজন সময়মতো না আসায় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।" জিয়া হলে সংঘর্ষের পর সন্ধ্যা ৭টার দিকে লালন শাহ হলে শিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ বাধে। এসময় উভয় দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ সময় কয়েক রাউন্ড গোলাগুলিও হয় বলে শিক্ষার্থীরা জানায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিয়া হলের পশ্চিম পাশে আবারো সংঘর্ষ হয়। রাত ৮টার দিকে লালন শাহ হলে ব্যাপক ভাংচুর হয়, তবে এতে বহিরাগতরা জড়িত বলে জানায় শিক্ষার্থীরা। সংঘর্ষ বাঁধার প্রায় দুই ঘণ্টা পর রাত সোয়া ৮টার দিকে প্রক্টর ও সহকারী প্রক্টর হলে যান। তারা লালনশাহ হলে থাকা শিবির কর্মীদের সাদ্দাম হলে নিয়ে আসে। প্রক্টর মাহবুবুল আরেফিন সাংবাদিকদের বলেন, "আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছি।" গভীর রাতেও দুটি সংগঠনকে শান্ত রাখতে শিক্ষকদের তৎপরতা চলছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০০৩৬ ঘ.