ময়মনসিংহ, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্রলীগের হামলায় ২০ সহকর্মী আহত হওয়ার ঘটনায় দোষীদের বিচার ও শাস্তির দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষকরা। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত জানান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
সমিতির সভাপতি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সভা থেকে শিক্ষকের ওপর হামলায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।
তিনি জানান, আগামী বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষকরা ক্লাস বন্ধ রেখে কালো ব্যাচ ধারণ করবে। তবে এই সময় পরীক্ষাগুলো নির্ধারিত সূচিতেই চলবে।
ছাত্রলীগের কয়েকজন কর্মীকে পুলিশে দেওয়ার জের ধরে সরকার সমর্থক এই সংগঠনটি নেতাকর্মীরা সোমবার বিকালে ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অবস্থানরত শিক্ষকদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অন্তত ২০ শিক্ষক আহত হয়। গুরুতর আহত এক শিক্ষককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ হামলার সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা ক্যাম্পাসে বিভিন্ন ভবনে ভাংচুর চালায়। তারা কয়েকটি মোটর সাইকেল পুড়িয়ে দেয় ও দুটি গাড়ি ভাংচুর করে।
এদিকে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পাসে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীদের কোনো তৎপরতা দেখা যায়নি। ক্যাম্পাসে প্রচুর পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়। প্রশাসনিক কাজকর্মও ঢিলেঢালাভাবে চলে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
তদন্ত কমিটি গঠন
শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলা, দুই দিন ধরে উত্তেজনার ঘটনার সুষ্ঠু তদন্তে মঙ্গলবার তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাকৃবি প্রশাসন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক নেতা জানান, পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খানকে চেয়ারম্যান ও অ্যাকোয়াকালচার বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনকে সদস্য সচিব ও সার্জারি এন্ড অবস্টেট্রিকস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামছুদ্দিনকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়।
কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ছাত্রলীগের সংবাদ সম্মেলন
বিকেল পৌনে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালেয়ে সংবাদ সম্মেলন করে বাকৃবি ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রলীগ বাকৃবি শাখার সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ইমন বলেন, "একটি স্বার্থন্বেষী মহল বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার জন্য পত্রিকায় মিথ্যা ও ভুল তথ্য উপস্থাপন করে খবর প্রকাশ করেছে।"
তিনি ঘটনার জন্য প্রক্টর আবু হাদী নূর আলী খানকে দায়ী করে বলেন, তার নেতৃত্বে বিএনপি-জামাতপন্থী শিক্ষক সাধারণ ছাত্রছাত্রীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করে পুলিশে দিয়েছে।
এই ঘটনায় দায়ী শিক্ষক ও ছাত্রদের বিচার দাবি করেন তিনি।
সোমবার বিকালে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী-সমর্থকদের ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়ারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। তা না হলে লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন রফিকুজ্জামান।
প্রগতিশীল ছাত্রজোটের নিন্দা
বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর হামলা ও শিক্ষার্থীদেরকে নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।
মঙ্গলবার এক বিবৃতিতে ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে সংগঠনটি।
ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতারাও এই দাবির সঙ্গে সংহতি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/০০০১ ঘ.
bdnews24