ঢাকা বিশ্ববিদ্যালয়, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের নির্যাতনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র আবদুল কাদের ধীরে ধীরে নিজের পায়ে হাঁটতে পারছেন।
রোববার হাসপাতাল থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে (ফজলুল হক হল) ফেরেন তিনি।
কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দুপুর ১টার দিকে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।
"এখন একটু ভালো বোধ করছি। আস্তে আস্তে নিজের পায়ে হাঁটতে পারছি।"
কাদের জানান, চিকিৎসক তাকে বাসায় ফেরার অনুমতি দিয়ে বিশ্রামে থাকতে বলেছেন।
পুলিশ বলেছে, গত ১৫ জুলাই আবদুল কাদেরকে খিলগাঁও বিশ্বরোড এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতির সময় গ্রেপ্তার করা হয়।
তবে কাদের বলেছেন, তাকে সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাবি শিক্ষার্থীদের অভিযোগ, তার এ গ্রেপ্তার হয়রানিমূলক। এর প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিও পালন করছে তারা।
গত ১৫ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি গাড়ি ছিনতাই মামলায় ২১ জুলাই কাদেরকে গ্রেপ্তার দেখায় পুলিশ। অথচ মামলার এজাহারে কাদেরের নাম ছিলো না।
কাদেরকে নির্যাতনের অভিযোগ তদন্তের জন্য হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে একটি রুল জারি করে। পাশাপাশি খিলগাঁও থানার ওসিসহ কাদেরকে গ্রেপ্তারের সঙ্গে সংশ্লিষ্ট তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।
গত ৩ অগাস্ট কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে জামিনে মুক্তি পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০৫৩ ঘ.
bdnews24