জবি, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ছাত্রীকে উত্ত্যক্ত করার জের ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর বিমানবন্দর এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাসে এ ঘটনা ঘটে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ইয়াসিন আরাফাত, রফিকুল ইসলাম, আলাউদ্দিন, সানী ও রুম্মানের আঘাত গুরুতর।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকর্মী রকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রুম্মান নামে এক ছাত্রলীগ কর্মীর বান্ধবী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তন্নীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলো একই সংগঠনের কর্মী তরিকুল ইসলাম। এ নিয়ে বৃহস্পতিবার ক্যাম্পাসে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।
এর জের ধরে তরিকুল কয়েকজন বন্ধুকে নিয়ে বিকালে উত্তরাগামী বিশ্ববিদ্যালয়ের বাস উল্কা-২ এ ওঠে। বাসটি বিমানবন্দর এলাকায় পৌঁছালে তারা রুম্মানকে চাপাতি দিয়ে আঘাত করে। পরে রুম্মানের বন্ধুরা পাল্টা হামলা হামলা চালালে দু'পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয় বলে শিক্ষার্থীরা জানান।
সাইফুল ইসলাম নামের এক শিক্ষার্থী জানান, সংঘর্ষের সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রকি জানান, রুম্মান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটিতে পদ প্রত্যাশী দীপুর অনুসারী এবং তরিকুল নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফের অনুসারী।
ভারপ্রাপ্ত প্রক্টর ড. অশোক কুমার সাহা বলেন, "সংঘর্ষে জড়িতের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।"
এ বিষয়ে ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজামউদ্দিন বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/০০৪৫ ঘ.
bdnews24