২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষের পর আক্কেলপুর এমআর ডিগ্রী কলেজ বন্ধ ঘোষণা

জয়পুরহাটের আক্কেলপুর এমআর ডিগ্রী কলেজে বুধবার ছাত্রদল ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদের (জাসাস) কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 03:02 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

জয়পুরহাট, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের আক্কেলপুর এমআর ডিগ্রী কলেজে বুধবার ছাত্রদল ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদের (জাসাস) কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ব্যানার টাঙানো নিয়ে দ্বন্দ্বের জের ধরে বুধবার দুপর ১২টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে বলে জানিয়েছে পুলিশ। আহতরা হলেন- জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকেন্দার (২০), দ্বাদশ শ্রেণীর ছাত্র সার্জন রহমান (২০), মামুনুর রশিদ (২১), সবুজ (২০), সাগর (২০), আব্দুল মজিদ (১৮), কানন (১৮) ও বহিরাগত শিপলু মিয়া (২২)। তাদের প্রথমে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে সার্জনের অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আক্কেলপুর থানার উপপরিদর্শক শাহিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এমপি গোলাম মোস্তফা ও জাসাস নেতা বিদ্যুৎ সমর্থিত দুটি পক্ষ দুপরে কলেজ প্রাঙ্গণে একই স্থানে সংগঠনের পরিচিতিমূলক ব্যানার টাঙাতে আসে। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে শাহিনুর জানান। আক্কেলপুর এমআর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/২০৫৯ ঘ.