জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুনি ও ধর্ষক প্রতিরোধ দিবসের যুগপূর্তি পালিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
১৯৯৯ সালের এইদিনে সাধারণ শিক্ষার্থীরা খুন ও ধর্ষণের দায়ে অভিযুক্ত তৎকালীন জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন মানিক গ্র"পের কর্মীদের বিতাড়িত করা হয়। এরপর থেকে ২ অগাস্ট 'খুনি ও ধর্ষক প্রতিরোধ দিবস' হিসেবে পালিত হয়ে আসছে।
মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে মিছিল সমাবেশ করে প্রগতিশীল ছাত্রজোট এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট জাবি শাখার নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সেখানে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জাবি শাখার সভাপতি নাসিরউদ্দিন প্রিন্সের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন জাবি শাখার সভাপতি সৌমিক চন্দ্র জয়দ্বীপ, তেল গ্যাস খনিজ বন্দর বিদ্যুত রক্ষা জাতীয় কমিটির জাবি শাখার সদস্য সচিব শাহ নেওয়াজ সুপ্রিম প্রমুখ।
সন্ধ্যায় অমর একুশের পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলন, আলোচনাসভা, কবিতা আবৃত্তি এবং মঞ্চনাটক অনুষ্ঠিত হয়।
১৯৯৮ সালে জাবি ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক জসিমউদ্দিন মানিকের বিরুদ্ধে 'ধর্ষণের সেঞ্চুরি'র অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার কর হয়। পরে বহিরাগত সন্ত্রাসীদের সহায়তায় তারা আবারো ক্যাম্পাসে ফিরে তিনটি হল দখলে নেয়।
এরপর ২ অগাস্ট সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয় তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৪০ ঘ.
bdnews24