ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার ও দিনাজপুরে দুই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের বেত্রাঘাতে ২১ শিক্ষার্থী আহত হয়েছে।
এদের মধ্যে সাভারে ১০ শিক্ষার্থী এবং দিনাজপুরে ১১ শিক্ষার্থী আহত হয়।
সাভারে শিক্ষকের দেওয়া পড়া না পারায় পঞ্চম শ্রেণীর ১০ শিক্ষার্থীকে মার দেন শিক্ষক নজরুল ইসলাম মিশু। ঘটনার পর থেকে ওই শিক্ষকসহ স্কুলের প্রধান শিক্ষক পলাতক রয়েছেন।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের ৯৭ নং বড় শিতলাই রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হুমায়ুন কবির চৌধুরীর বেত্রাঘাতে আহত হয় ১১ শিক্ষার্থী।
গত ২৬ এপ্রিল দেশের সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি নিষিদ্ধ করে সরকার। এতে ১১ ধরনের শারীরিক ও দুই ধরনের মানসিক শাস্তি নিষিদ্ধ করা হয়।
নিষিদ্ধ শারীরিক শাস্তিগুলো হলো- শিক্ষার্থীদের হাত-পা বা কোনো কিছু দিয়ে আঘাত বা বেত্রাঘাত, চক বা ডাস্টার-জাতীয় বস্তু ছুড়ে মারা, আছাড় দেওয়া ও চিমটি কাটা, শরীরের কোনো স্থানে কামড় দেওয়া, চুল টানা বা কেটে দেওয়া, হাতের আঙুলের ফাঁকে পেনসিল চাপা ও মোচড় দেওয়া, ঘাড় ধাক্কা দেওয়া, কান টানা বা ওঠ-বস করানো, চেয়ার, টেবিল বা কোনো কিছুর নিচে মাথা দিয়ে দাঁড় করানো বা হাটু গেড়ে দাঁড় করে রাখা, রোদে দাঁড় করে বা শুইয়ে রাখা কিংবা সূর্যের দিকে মুখ করে দাঁড় করানো এবং শ্রম আইনে নিষিদ্ধ কোনো কাজ শিক্ষার্থীদের দিয়ে করানো।
শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মা-বাবা, বংশ পরিচয়, গোত্র-বর্ণ ও ধর্ম সম্পর্কে অশালীন মন্তব্য, অশোভন অঙ্গভঙ্গি করা বা শিক্ষার্থীদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে এমন বিষয়গুলো মানসিক শাস্তি হিসেবে চিহ্নিত হবে।
পড়া না পারায় বেত
সোমবার দুপুরে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় 'এভরিহোম ইন্টারন্যাশনাল স্কুলে' এ বেত মারার ঘটনা ঘটে।
আমাদের সাভার প্রতিনিধি জানান, শিক্ষার্থীদের মধ্যে নারগিস আক্তারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেত্রাঘাতের শিকার অন্য শিক্ষার্থীরা হলো- রিদয়, পাপ্পু, কনা, শাবনাজ, শারমিন, অন্তরা, নীপা, লাভলী ও আল-মামুন। পঞ্চম শ্রেণীর এ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতালে নারগিস জানায়, ক্লাশে যারা অংক পারেনি স্যার নজরুল ইসলাম মিশু তাদের সবাইকে বেত দিয়ে মেরেছেন। এর মধ্যে আমাকে বেশি মেরেছেন।
নারগিসের মা হোসনে আরা বেগম জানান, আমি একটি কারখানায় চাকরি করি। বিকাল ৫টার দিকে কারখানা ছুটির পর বাসায় এসে দেখি লোকজনের ভিড়। মেয়ের মাথায় লোকজন পানি ঢালছে। পরে সব কথা শুনার পর মেয়েকে হাসপাতালে নিয়ে আসি।
আরেক শিক্ষার্থী আল-মামুনের বাবা সালাউদ্দিন আহম্মেদ খোকন বলেন, আমার ছেলের গায়ে আমি কখনও হাত তুলিনি অথচ ওই শিক্ষক তাকে পিটিয়েছে। আমি ওই শিক্ষকের বিচার দাবি করছি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি আমি শুনেছি। তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছি।
উপজেলা শিক্ষা অফিসার তাপস কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি নিয়ে ইউএনও, মাধ্যমিক শিক্ষা অফিসার মুন্নি হোসেনকে নিয়ে বৈঠক হয়েছে।
মঙ্গলবার অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দিনাজপুরে শিক্ষক সাময়িক বরখাস্ত
বেত্রাঘাতের শিকার মুন্নি আক্তারের বাবা আজিবুল ইসলাম এবং শিউলী খাতুনের বাবা সিদ্দিক জানান, বৃহস্পতিবার স্কুল চলাকালীন তৃতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীকে পরের দিন শুক্রবার সকালে তার বাড়িতে এসে বাগান পরিষ্কার করতে বলেন হুমায়ুন কবির। শিক্ষকের কথা মতো তার বাসায় না যাওয়ায় শনিবার শ্রেণীকক্ষে এসে শিক্ষক হুমায়ুন কবির বেত দিয়ে শিক্ষার্থীদের বেধরক পেটান।
শিক্ষার্থীদের অভিভাবকরা বিষয়টি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও স্কুল পরিচালনা পর্ষদের সদস্যদের জানানো হলে তারা স্কুলে আসেন। বিকেলে স্কুল পরিচালনা পর্ষদের জরুরি সভা ডেকে অভিযুক্ত শিক্ষক হুমায়ুন কবির চৌধুরীকে চাকরি থেকে এক মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়।
দিনাজপুরে প্রহারের শিকাররা শিক্ষার্থীরা হলো- মুন্নি আক্তার, সাদিয়া খাতুন, শিল্পী রানী, গীতা রানী, শরিয়া খাতুন, টুম্পা রানী, শিউলী খাতুন, দিপা রানী, রায়হান আলী, নয়ন রায় ও গীতা রায়। তাদের বীরগঞ্জ স্বাস্থ্য কেন্দ্র প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যাওয়া হয়।
হুমায়ুন কবিরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বাগান পরিষ্কারের বিষয়টি অস্বীকার করেন।
তিনি বলেন, ওই ছাত্র-ছাত্রীরা প্রায়ই স্কুলে অনুপস্থিত থাকতো এবং পড়াশোনায় অমনোযাগী ছিল। ঘটনার দিন তারা পড়া না পাড়ায় তিনি বেত দিয়ে তাদের প্রহার করেন।
"তবে যে ভাবে মারপিটের কথা বলা হচ্ছে সেভাবে প্রহার করা হয়নি।"
বিদ্যালয়টির প্রধান শিক্ষক জিল্লুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম জানান, এ ঘটনায় উপজেলা শিক্ষা অফিসার মো. তাজুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তাজুল ইসলাম জানান, তিনি ছুটিতে আছেন। তদন্তের ব্যাপারে এখনও কিছু জানেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০০৫৬ ঘ.
bdnews24