চট্টগ্রাম, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিন্ডিকেট, অ্যাকাডেমিক ও ফিন্যান্স কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচনে সব কয়টি পদে আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের হলুদ প্যানেল বিজয়ী হয়েছে।
রোববার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চবি'র সমাজ বিজ্ঞান অডিটোরিয়ামে ভোট গ্রহণ হয়। ৫৪৮ জন ভোটারের মধ্যে ৫২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশনার ও চবি'র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো সফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিন্ডিকেট, অ্যাকাডেমিক কাউন্সিল ও ফিন্যান্স কমিটির মোট ১১টি পদের সবকটিতে হলুদ প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
চবি'র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো সফিউল আলম জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ্যাক্ট ১৯৭৩ অনুসারে সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও ফিন্যান্স কমিটির নির্বাচিত সদস্যরা আগামী দু'বছর স্ব স্ব পদে দায়িত্ব পালন করবেন।
সিন্ডিকেটের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকের চারটি পদে হলুদ প্যানেলের চারজন নির্বাচিত হয়েছেন।
এদের মধ্যে অধ্যাপক পদে হলুদ প্যানেলের প্রার্থী অর্থনীতি বিভাগের ড. ইরশাদ কামাল (১০২ ভোট) বিএনপি-জামায়াত সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী রাজনীতি বিজ্ঞান বিভাগের ড. আ ন ম মুনির আহমদকে (৯৭ ভোট) পরাজিত করেন। সহযোগী অধ্যাপক পদে হলুদ প্যানেলের প্রার্থী পদার্থবিদ্যা বিভাগের ড. মো. নাসিম হাসান (৬১ ভোট) সাদা দলের প্রার্থী সামুদ্রিক বিজ্ঞান ও ফিশারিজ ইনস্টিটিউটের ড. শাহদাত হোসনকে (৩৭ ভোট) পরাজিত করেন।
সহকারী অধ্যাপক পদে লোকপ্রশাসন বিভাগের কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী (৬৯ ভোট) সাদা প্যানেলের প্রার্থী নৃ বিজ্ঞানের আনোয়ার হোসেনকে (৬৭ ভোট) পরাজিত করেন। প্রভাষক পদে হলুদ প্যানেলের প্রার্থী অর্থনীতি বিভাগের নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
অ্যাকাডেমিক কাউন্সিলের ছয় বিজয়ী
অ্যাকাডেমিক কাউন্সিলের দুই সহযোগী অধ্যাপক পদে হলুদ প্যানেলের প্রার্থী ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মো. জামাল উদ্দিন (২৮০ ভোট) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মোশাররফ হোসেনকে (২০০ ভোট) এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মো. সাহিদুর রহমান (২৭৪ ভোট) রাসয়ন বিভাগের ড. মো নাসির উদ্দিনকে (২২০ ভোট) পরাজিত করেন।
সহকারী অধ্যাপকের দুটি পদে মার্কেটিং স্টাডিজ এন্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের দীপান্বিতা ভট্টাচার্য্য (২৬৪ ভোট) পেয়ে একই বিভাগের হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে (২০৭ ভোট) এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. মীর সাইফুদ্দিন খালেদ চৌধুরী (২৭৯ ভোট) পেয়ে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের মো. ইকবাল সরোয়ারকে (২১৩ ভোট) পরাজিত করেন।
অ্যাকাডেমিক কাউন্সিলের দুই প্রভাষক পদে দুই জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন আইন বিভাগের এম জসিম আলী চৌধুরী এবং ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের বিশ্বজিত নাথ।
ফিন্যান্স কমিটিতে হলুদ প্যানেলের প্রার্থী আর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আলী আশরাফ (২৭০ ভোট) পেয়ে সাদা প্যানেলের ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. সালেহ জহুরকে (২৪০ ভোট) পরাজিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/পিডি/২২০৬ ঘ.
bdnews24