২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসির ফল প্রকাশ বুধবার

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল বুধবার প্রকাশ করা হবে। দুপুর ২টার পর থেকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট কলেজ এবং টেলিটক মোবাইলে ফল জানা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 02:17 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল বুধবার প্রকাশ করা হবে। দুপুর ২টার পর থেকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট কলেজ এবং টেলিটক মোবাইলে ফল জানা যাবে। এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার হাতে ফল তুলে দেবেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এরপর দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ঘোষণা অনুযায়ী পরীক্ষার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে। এবছরই প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব ই-মেইলে ফল পাঠানো হবে। সেখান থেকে ডাউনলোড করে ফল প্রকাশ করবে প্রতিষ্ঠানগুলো। প্রথমবারের মতো এ পদ্ধতিতে ফল পাঠানোর কারণে এর প্রিন্ট কপিও পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। পরবর্তীতে শুধু ই-মেইলের মাধ্যমে এ ফল পাঠানো হবে। ই-মেইলে পাওয়া ফল ডাউনলোড করে কিভাবে প্রকাশ করতে হবে এ সংক্রান্ত নিদের্শনা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) দেওয়া হয়েছে। বুধবার দুপুর ২টার পর থেকে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং টেলিটক মোবাইলে এসএমএস'র মাধ্যমে ফল জানা যাবে। এ বছর ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৭ লাখ ৭৯ হাজার ৪৪১ জন শিক্ষার্থী অংশ নেয়। সাধারণ বোর্ডের অধীনে এইচএসসিতে অংশ নিয়েছে ৬ লাখ ২৯ হাজার ৬১৯ জন। এর মধ্যে ৩ লাখ ৩০ হাজার ১২ জন ছাত্র এবং ২ লাখ ৯৯ হাজার ৬০৭ জন ছাত্রী। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নিয়েছে ৭৬ হাজার ৯৫৭ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৪৪ হাজার ৯৭৩ জন এবং ছাত্রী ৩১ হাজার ৯৮৪ জন। কারিগরী বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছে ৬৮ হাজার ৯৬১ জন। এর মধ্যে ৪৬ হাজার ৭৭৯ জন ছাত্র এবং ২২ হাজার ১৮২ জন ছাত্রী। ঢাকা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৯০৪ জন। দেশের পাশাপাশি বিদেশের পাঁচটি কেন্দ্রে ১৯১ জন পরীক্ষার্থী অংশ নেয়। আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা ৫ এপ্রিল শুরু হয়ে ৩১ মে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএম/পিডি/২০১০ ঘ.