২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে 'কাউন্সিলিং সাইকোলজি' সম্মেলন শুরু

প্রতিবন্ধকতা জয় অন্তর্নিহিত শক্তির বিকাশ- এই প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হয়েছে 'এডুকেশনাল এন্ড কাউন্সিলিং সাইকোলজি' বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2011, 05:15 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবন্ধকতা জয় অন্তর্নিহিত শক্তির বিকাশ- এই প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হয়েছে 'এডুকেশনাল এন্ড কাউন্সিলিং সাইকোলজি' বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ এবং ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তর যৌথভাবে চার দিনের এই সম্মেলনের আয়োজন করেছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক এই সম্মেলনের উদ্বোধন করেন। তিনি বলেন, "আত্মহত্যা, যৌন হয়রানি, শারীরিক নির্যাতন, হত্যা ও পারিবারিক সহিংসতার খবর প্রতিদিনই সংবাদপত্রে ছাপা হচ্ছে। এ ধরনের সামাজিক অস্থিরতা ও সহিংসতা রোধে এবং মানসিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।" শিশু ও তরুণদের সুষ্ঠু বিকাশে শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি সেমিনার ও কর্মশালার আয়োজন করা যেতে পারে বলে মত দেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক পারভীন হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক সহিদ আকতার হুসাইন, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামীম এফ করিম ও ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক অধ্যাপক শাহীন ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মেহজাবীন হক। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থার দুই শতাধিক প্রতিনিধি ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের পেশাজীবী মনোবিজ্ঞানীরা এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩০১ ঘ.