২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ বিসিএস চায় মুক্তিযোদ্ধার সন্তানরা

বয়সসীমা ৩৫ করে সব ক্যাডার সম্বলিত বিশেষ বিসিএসের দাবি জানিয়েছে 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান' নামে একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2011, 01:41 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২২ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- বয়সসীমা ৩৫ করে সব ক্যাডার সম্বলিত বিশেষ বিসিএসের দাবি জানিয়েছে 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান' নামে একটি সংগঠন। শুক্রবার সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে এ দাবিতে তারা প্রতীকী অনশন ও সমাবেশ করে। দুপুর সাড়ে ১২টার দিকে সেক্টর কমান্ডারস ফোরামের সাংগঠনিক সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ পানি পান করিয়ে তাদের অনশন ভাঙ্গান। সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক প্রশাসন গড়ার স্বার্থে গুরুত্বপূর্ণ সেক্টরে মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়োগের কোনো বিকল্প নেই। ইদানিং শুধু টেকনিক্যাল ক্যাডারে স্পেশাল বিসিএস হবে বলে শোনা যাচ্ছে। এটি মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র এবং প্রশাসনকে মুক্তিযুদ্ধের চেতনাশূন্য করার চক্রান্ত বলে তারা মনে করেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে '৯৮ সালে বিশেষ বিসিএস পরীক্ষা নেওয়ার কথা তুলে ধরে তারা অভিযোগ করেন, জোট সরকার আমলে এ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ বন্ধ ছিলো। সংগঠনটির সভাপতি সাজ্জাদ হোসেন অভিযোগ করে বলেন, বিগত চারদলীয় জোট সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলে মুক্তিযোদ্ধার সন্তানরা চরম বঞ্চনার শিকার হয়েছেন। ২৪ তম থেকে শুরু করে ২৭ তম বিসিএসে মৌখিক পরীক্ষায় মুক্তিযোদ্ধার সন্তানদের সার্টিফিকেট ছুড়ে ফেলে দেওয়া, কটুক্তিসহ ইচ্ছাকৃত ভাবে ফেল করিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। কর্মসূচিতে উপস্থিত ম. হামিদ বলেন, "এখানে যারা আন্দোলন করছেন তারা সবাই বঞ্চনার শিকার। এদের দাবিও বেশি নয়, মাত্র একটা বিসিএস পরীক্ষা। আমি এ দাবির মধ্যে কোন সমস্যা দেখছি না।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা বলছি না ঢালাও ভাবে নিয়োগ দিতে হবে। অবশ্যই যোগ্য লোককে নির্বাচন করতে হবে।" কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মহিউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এ এম হাবিবুল্লাহ খান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএল/১৯৩৮ ঘ.