শরীয়তপুর, জুলই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হুমায়ুন কবীর খানের অপসারণ চেয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
বুধবার বিক্ষোভ মিছিল শেষে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপিও দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
আন্দোলনকারী ছাত্র সাগর, মাহফুজুর রহমান, জাকির হোসেন জানান, ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, ল্যাবরেটরির যন্ত্রপাতি ব্যক্তিগত কাজে ব্যবহার করা, ল্যাবরেটরি ক্লাস না নেওয়া, শিক্ষকদের নিয়মিত ক্লাসে না আসা, বিনা নোটিশে প্রতিষ্ঠান বন্ধ রাখা ও ক্যান্টিন চালু না করাসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
তারা অভিযোগ করেন, বিক্ষোভ মিছিল শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। শিক্ষার্থীদের হামলা-মামলার ভয় দেখায়।
কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
অধ্যক্ষ হুমায়ুন কবীর খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার কাছে লিখিত কোনো দাবি জানায়নি শিক্ষার্থীরা।
তাদের অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮১১ ঘ.
bdnews24