ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৭ জুলাই প্রকাশ করা হবে।
বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ওই দিন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দেবেন। এরপর শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এবার ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭ লাখ ৭৯ হাজার ৪৪১ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।
সাধারণ বোর্ডের অধীনে এইচএসসিতে অংশ নিয়েছে ৬ লাখ ২৯ হাজার ৬১৯ জন। এর মধ্যে ৩ লাখ ৩০ হাজার ১২ জন ছাত্র এবং ২ লাখ ৯৯ হাজার ৬০৭ জন ছাত্রী।
এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নিয়েছে ৭৬ হাজার ৯৫৭ জন। এ বোর্ডে ছাত্র সংখ্যা ৪৪ হাজার ৯৭৩ জন এবং ছাত্রী ৩১ হাজার ৯৮৪ জন।
কারিগরী বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছে ৬৮ হাজার ৯৬১ জন। এর মধ্যে ৪৬ হাজার ৭৭৯ জন ছাত্র এবং ২২ হাজার ১৮২ জন ছাত্রী।
ঢাকা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৯০৪ জন। দেশের পাশাপাশি বিদেশের পাঁচটি কেন্দ্রেও ১৯১ জন পরীক্ষার্থী অংশ নেয়।
আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা ৫ এপ্রিল শুরু হয়ে ৩১ মে শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৫০৫ ঘ.
bdnews24