২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারিগরী শিক্ষার প্রতি জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদেরকে উন্নয়নের ধারার সাথে যুক্ত করতে তথ্য-প্রযুক্তি সম্পর্কিত শিক্ষার পাশাপাশি 'প্রায়োগিক' এবং 'কারিগরি' শিক্ষার উপর জোর দেয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 02:51 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থীদেরকে উন্নয়নের ধারার সাথে যুক্ত করতে তথ্য-প্রযুক্তি সম্পর্কিত শিক্ষার পাশাপাশি 'প্রায়োগিক' এবং 'কারিগরি' শিক্ষার উপর জোর দেয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার দুপুরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উন্নয়নের ধারাকে গতিশীল করে তুলতে কারিগরী শিক্ষার কোন বিকল্প নেই জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের দেশে শুধু বস্ত্র খাতে প্রায় সাড়ে ১৯ হাজার বিদেশী মানুষ কাজ করে। দক্ষ জনবলের সরবরাহ নিশ্চিত থাকলে এ জায়গাটা আমাদেরই থাকত। তিনি বলেন, বাস্তব কাজের সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষার গতিপথ নির্ধারণ করা উচিত বলে জানান মন্ত্রী। এক্ষেত্রে 'প্রায়োগিক' এবং 'কারিগরি' শিক্ষার প্রতি যে সামাজিক অনীহা এবং নেতিবাচক মনোভাব রয়েছে তা থেকে বেরিয়ে আসার জন্য শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে বলে তিনি জানান। শিক্ষাক্ষেত্রে বেসরকারি উদ্যোগ ও সমন্বয় জরুরী উল্লেখ করে তিনি সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এ ব্যাপারে সমান গুরুত্ব দেয়ার কথা বলেন। তিনি ৪৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য নিজস্ব ক্যাম্পাস স্থাপনের অনুরোধ জানান। ডিআইইউ এর 'ওয়ান স্টুডেন্ট:ওয়ান ল্যাপটপ' কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণের অংশ হিসেবে প্রথম পর্যায়ে ৪০০ ল্যাপটপ বিতরণ করে কর্তৃপক্ষ। শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ড. আমিনুল ইসলাম এবং বর্তমান উপাচার্য ড. এম লুৎফর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/আরএম/কেএমএস/২০৪৮ ঘ.