২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫৮ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ৫৮ বছরে পা দিচ্ছে বুধবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 05:53 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ৫৮ বছরে পা দিচ্ছে বুধবার। ১৯৫৩ সালের ৬ জুলাই যাত্রা শুরু হয়েছিল ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের। প্রতিবছর এ দিনে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাদিবস পালিত হয়। তবে এবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হবে ১২ জুলাই। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যেই প্রস্তুতি গ্রহণ করেছে বলে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ১২ জুলাই সকাল ১০টায় সিনেট ভবন প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক সাদা কপোত উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কাজ শুরু হবে। তারপরই বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বের হবে আনন্দ শোভাযাত্রা। সকাল ১১টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে হবে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ। উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের সভাপতিত্বে এতে আলোচক থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ্, অর্থনীতিবিদ অধ্যাপক সনৎকুমার সাহা, রাকসুর প্রাক্তন ভিপি আব্দুর রাজ্জাক প্রমুখ। ১৫৬ জন ছাত্র ও পাঁচ ছাত্রী নিয়ে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়। বর্তমানে নয়টি অনুষদের ৪৯টি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৮ হাজার। শিক্ষক এক হাজার দুইশ'র বেশি। উচ্চতর গবেষণার জন্য এখানে রয়েছে পাঁচটি ইনস্টিটিউট। এই বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয়, দেশের রাজনীতির ইতিহাসেও পালন করেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। অনেক দেশি-বিদেশি শিক্ষাবিদ ও গবেষক এই বিশ্বদ্যিালয়ের সাফল্যের পথে রেখেছেন উল্লেখযোগ্য অবদান। রাবির ৫৭ বছরে পথচলায় রয়েছে কিছু 'কালো অধ্যায়'। বিভিন্ন হিংসাত্মক ঘটনায় এখানে এ পর্যন্ত ৩২ ছাত্র ও দু'জন শিক্ষক প্রাণ হারিয়েছেন। তবু ইতিহাসের এই 'কালো অধ্যায়কে' দূরে ঢেলেই আরো আলোর প্রত্যাশায় বিশ্ববিদ্যালয় পরিবার প্রতিষ্ঠাবার্ষিকীতে মেতে উঠবে আনন্দের ঝরনাধারায়-এমনটাই প্রত্যাশা দেশের মানুষের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩৪৮ ঘ.