ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩০তম বিসিএসের বুধবারের নির্ধারিত মৌখিক পরীক্ষা যথাসময়ে হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। স্থগিত হয়েছে বৃহস্পতিবারের পরীক্ষা।
মঙ্গলবার বিকালে পিএসসির তথ্য কর্মকর্তা মীর মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৬ জুলাইয়ের (বুধবার) পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।
৭ জুলাইয়ের (বৃহস্পতিবার) মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে- জানিয়ে ওই কর্মকর্তা বলেন, এটি আগামী ১২ জুলাই পূর্ব নির্ধারিত ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের প্রতিবাদের পাশাপাশি জনদুর্ভোগ অবসানে কয়েকটি দাবিতে বুধবার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপিসহ চারদল।
বিসিএস ক্যাডারদের ৭ জুলাইয়ের নির্ধারিত অর্ধবার্ষিক বিভাগীয় পরীক্ষাও স্থগিত করা হয়েছে বলে জানান মীর মোশাররফ।
তিনি বলেন, ওই পরীক্ষাটি আগামি ১৯ জুলাই অনুষ্ঠিত হবে।
হরতালের কারণে বৃহস্পতিবারের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানান মীর মোশাররফ।
তিনি জানান, গত ২০ জুন থেকে ৩০তম বিসিএস'র মৌখিক পরীক্ষা শুরু হয়েছে।
নির্ধারিত দিনে সকাল সাড়ে ১০টায় এ পরীক্ষা শুরু হয়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২০২০ ঘ.
bdnews24